চট্টগ্রাম মেডিকেলে যুক্ত হলো ৪টি নতুন ডায়ালাইসিস মেশিন
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নেফ্রোলজি বিভাগে কিডনি রোগীদের চিকিৎসাসেবা জোরদারে করতে নতুন করে যুক্ত হয়েছে আরও চারটি আধুনিক ডায়ালাইসিস মেশিন। এর ফলে বিভাগটিতে মোট ডায়ালাইসিস মেশিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮টিতে।
সোমবার (১৬ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন মেশিনগুলোর উদ্বোধন করেন। শিল্প প্রতিষ্ঠান কেএসআরএমের অর্থায়নে এসব মেশিন হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে (নেফ্রোলজি বিভাগ) স্থাপন করা হয়
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএসআরএমের ডিএমডি নবাব সিরাজউদ্দৌলা।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নতুন ডায়ালাইসিস মেশিন সংযোজনের ফলে কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও দ্রুততর হবে। পাশাপাশি হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, নতুন মেশিন চালুর মাধ্যমে প্রতিদিন আগের তুলনায় বেশি সংখ্যক রোগী উন্নতমানের ডায়ালাইসিস সেবা নিতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান এবং ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালীসহ সংশ্লিষ্টরা।
চমেক হাসপাতালের নেফ্রোলজি বিভাগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান স্যানডোরও ডায়ালাইসিস সেবা দিয়ে থাকে। স্যানডোরের ৩১টি মেশিনের পাশাপাশি আগে নেফ্রোলজি বিভাগে ছিল ১৪টি ডায়ালাইসিস মেশিন, যার মাধ্যমে রোগীরা ভর্তুকি মূল্যে সেবা পেতেন। নতুন চারটি মেশিন যুক্ত হওয়ায় এই সেবার পরিধি আরও বিস্তৃত হলো।
টিআই/