মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১১ তলাবিশিষ্ট ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির ছাদ থেকে এখন পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে। আরও পাঁচ থেকে ছয়জন ছাদে অবস্থান করছেন। তাদের ফায়ার সার্ভিসের টার্নটেবল ল্যাডারের (টিটিএল) মাধ্যমে নিচে নামানোর চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
টিআই/