মঙ্গলবার থেকে দেশের সব মেডিকেল কলেজে ঈদের ছুটি শুরু
মেডিভয়েস রিপোর্ট: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ আগামিকাল মঙ্গলবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। আজ সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন মেডিভয়েসকে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। অর্থাৎ আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হবে। এই ছুটি শেষ হওয়ার পর যথারীতি কার্যক্রম শুরু হবে।’
ঈদের ছুটি শেষে মেডিকেল কলেজ কবে থেকে খুলবে, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, সোমবার (৯ মার্চ) থেকে বৈশ্বিক এই সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাপঞ্জিতে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত এই ছুটি বহাল থাকবে।
টিআই/