১৪০০ শিক্ষার্থী নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেলে ছাত্রশিবিরের ইফতার
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে (এসএইচএসএমসি) ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বর্ণাঢ্য এ আয়োজনে অংশ নেয় দলমত নির্বিশেষে বিভিন্ন বর্ষের প্রায় ১৪০০ শিক্ষার্থী।
সোমবার (২ মার্চ) মেডিকেল জোনের 'লালদুর্গে খেজুর ও দোয়া ২৬' শীর্ষক এই আয়োজনে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদাভাবে ইফতারের আয়োজন করা হয়।
ছাত্রদের জন্য হল মসজিদ প্রাঙ্গণ আর গার্লস হোস্টেলের ছাদে ছাত্রীদের ইফতারের আয়োজন করা হয়। তবে শেষ পর্যন্ত হলের ছাদে আয়োজনের অনুমতি না মেলায় নির্ধারিত বুথে ছাত্রীদের ইফতার বিতরণ করা হয়। ইফতার ও নামাজের পর ছাত্র-ছাত্রী সকলের জন্য ফুচকার আয়োজনও করা হয়। ফুচকার জন্য বসানো হয় দুইটি করে চারটি বুথ।
আয়োজনে অংশ নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেলের ২০তম ব্যাচের শিক্ষার্থী মো. আরাফাত হোসেন বলেন, ‘আজকের ইফতার মাহফিল অনেক ভালো ছিল এবং এই প্রোগ্রামটা আমাদের সৌহার্দ্য ও সম্প্রীতির একটি প্রতীক বলে আমি মনে করি। দল-মত নির্বিশেষে আজকে সবাই আমরা এখানে অংশগ্রহণ করেছি, তো আমার মনে হয়, বিভিন্ন মতের মানুষদের এমন মিলন উৎসব খুবই বিরল। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন যে আয়োজনটা করেছে তা সত্যিই প্রশংসনীয়।’
সোহরাওয়ার্দী মেডিকেলের আরেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম সজীব বলেন, ‘আজকের এই আয়োজন আমাদের খুবই ভালো লেগেছে। আমরা সিনিয়র-জুনিয়র সবাই একসাথে মিলে-মিশে এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছি, এজন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ। পরবর্তীতে ছাত্রশিবিরের কাছে প্রত্যাশা থাকবে, তারা যেন শিক্ষার্থী-বান্ধব কাজের ধারাবাহিকতা বজায় রাখে।’
পরে মেডিকেল জোনের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ইসলামী গান গাইতে দেখা যায় এবং সাধারণ শিক্ষার্থীরা আড্ডা ও গল্পে মেতে ওঠে।
মেডিকেল জোনের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে প্রায় এক হাজার চারশোর অধিক সাবেক ও বর্তমান ছাত্রছাত্রী অংশ নেন। ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীও এতে অংশ নিয়েছেন। এ ছাড়া শিক্ষকদের মধ্যে হোস্টেল সুপার উপস্থিত ছিলেন।
অন্যদিকে মঙ্গলবার (৩ মার্চ) মুগদা মেডিকেল কলেজে ইফতার আয়োজন করার কথা জানায় ছাত্রশিবিরের মেডিকেল জোন।
ইফতার মাহফিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোনের সভাপতি ডা. যায়েদ আহমাদ এবং জোনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিআই/এমইউ