২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪২ পিএম

বই মেলায় তরুণ চিকিৎসক নেওয়াজ আরিফের বই ‘উপলব্ধির প্রহর’

বই মেলায় তরুণ চিকিৎসক নেওয়াজ আরিফের বই ‘উপলব্ধির প্রহর’
তরুণ চিকিৎসক নেওয়াজ আরিফের গল্পের বই ‘উপলব্ধির প্রহর’। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিভ্রান্তিতে ভরা সময়ের বাস্তবতায় আত্মোপলব্ধির গল্প নিয়ে বই মেলায় এসেছে তরুণ চিকিৎসক নেওয়াজ আরিফের গল্পের বই ‘উপলব্ধির প্রহর’। শিক্ষার্থী ও তরুণ সমাজকে লক্ষ্য করে লেখা বইটি জীবনের ভুল থেকে ফিরে আসার অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ লেখকের। হারাম সম্পর্ক, আত্মসংযম ও রবের সন্তুষ্টির পথে ফিরে আসার বার্তাই এ বইয়ের মূল উপজীব্য। দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে তিনশ’ টাকা। বইমেলায় স্টল নং ৮৯৭-৮৯৮। এর আগে যৌথ সম্পাদনায় লেখকের চারটি কাব্যগ্রন্থ বের হলেও ‘উপলব্ধির প্রহর’ তার প্রথম মৌলিক বই।

বিষয়বস্তু

ডা. নেওয়াজ আরিফ জানান, যারা এই ফিতনাময় সময়ে নিজেকে বিলিয়ে দিয়েছে হারামের মইয়ে, যারা ভুলে বসেছে হেদায়েতের পথ। যারা মনে করে রঙিন এই দুনিয়া, রঙিন ক্যাম্পাস, হারামের জীবনই আয়েশি জীবন। তারা যখন উপলব্ধি জাগ্রত করে সঠিক পথে আসবে তাদের জন্য কি নির্মল, সুন্দর জীবন অপেক্ষা করছে সেটিই উপলব্ধিতে ধরা দিবে।

অনেকে হারামে ও অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পড়াশোনা করতে গিয়ে কেউ কেউ রিডিং পার্টনারের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। এ বিষয়গুলো গল্পের মাধ্যমে তুলে ধরে এর কুফল সম্পর্কে  ধারণা দেওয়াই লক্ষ্য। বইয়ে মূলত এ সংক্রান্ত অনুপ্রেরণা, আত্মোপলব্ধি ও আত্মউন্নয়নমূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

যাদের জন্য লেখা

বইয়ে ২২টি গল্প জায়গা পেয়েছে। এর মধ্যে তিনটি মেডিকেল সংশ্লিষ্ট। ডা. নেওয়াজ আরিফ বলেন, ‘মেডিকেলে আসার পর আমরা একটি রঙিন জীবনে হারিয়ে যাই। ছেলে-মেয়ে একসঙ্গে পড়াশোনা করা, সেখান থেকে হারাম সম্পর্কে জড়িয়ে যাওয়া, এক পর্যায়ে ডিপ্রেশনে চলে যাওয়া—এসব বিষয় তুলে ধরে এখান থেকে উত্তরণের উপায় এবং এগুলো এড়িয়ে চললে দুনিয়া ও পরকালের প্রাপ্তির বিষয় তুলে ধরা হয়েছে।

ডা. আরিফ বলেন, শুধু মেডিকেল শিক্ষার্থী নয়, বরং জেন-জি থেকে শুরু করে বৃদ্ধ সবার জন্য। স্কুল পড়ুয়া থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত। মাদ্রাসা পড়ুয়া, বুয়েট, ইউনিভার্সিটি, মেডিকেল সবার জন্য এই বই এক অনন্য দিক নির্দেশনার বানী হবে ইনশাআল্লাহ।

যে কারণে পড়বেন

লেখকের বার্তা, থমকে যাওয়ার নাম ‘জীবন’ নয়; বরং যেখানে থমকে দাঁড়ায় সেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার নামই ‘জীবন।’ সারাটা জীবন রবের অবাধ্যতায় কাটিয়ে দেয়ার নাম ‘জীবন’ নয়; বরং রবের সন্তুষ্টির জন্য নিজেকে পরিবর্তন করার নামই ‘জীবন।’ ভুলের উপর নিজেকে অটল রাখার নাম ‘জীবন’ নয়; বরং ভুল থেকে ফিরে এসে নিজেকে সংশোধন করার নামই ‘জীবন।’

তিনি বলেন, জীবনে চলার পথে নিজেকে পরিবর্তনের জন্য রয়েছে হাজারো উপায়-উপকরণ, ছড়িয়ে ছিটিয়ে আছে কত শত মুক্তো। হয়তো-বা কখনো সেই মুক্তোগুলো দৃষ্টিগোচর হয়নি কিংবা উপলব্ধিতে ধরা দেয়নি।

‘উপলব্ধির প্রহর’ সেই বইয়ের নাম, যা আপনার চারপাশের মুক্তোগুলোর সন্ধান দিবে। এটি হয়তো আপনার জানা, কিন্তু কখনো ভেবে দেখা হয়নি। বইটি আপনাকে নতুন করে ভাবতে শিখাবে, আপনার ভুলগুলো দেখিয়ে দিবে, উপলব্ধির প্রহর জাগ্রত করে আপনাকে অনন্ত অসীম জীবনের জন্য পাথেয় কুড়াতে উৎসাহ প্রদান করবে।

এ প্রসঙ্গে লেখকের একান্ত অনুভূতি—

জীবন পাল্টেছে রং অযত্নে-অবহেলায়
কত বসন্ত কেটে গেছে ঘোর অমানিশায়
এবার না হয় ঘোর কেটে
উপলব্ধির প্রহর জাগ্রত হোক সেই অপেক্ষায় ...।

লেখক পরিচিতি

নেওয়াজ আরিফ চাঁদপুরের মাঝিগাছা এমএম উচ্চবিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি এবং ২০১৬ সালে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ২০১৭-১৮ সেশন ইব্রাহিম মেডিকলে কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন। সেখানে ২০২৪ সালে এমবিবিএস সম্পন্ন করেন ডা. নেওয়াজ আরিফ।

বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডি ইবনে সিনার কার্ডিয়াক আইসিইউতে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত