২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১৭ পিএম

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে উদযাপন

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে উদযাপন
প্রধানমন্ত্রী তারেক রহমান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান

মেডিভয়েস রিপোর্ট: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত অমর একুশে ফেব্রুয়ারি। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জামায়াতের প্রথম আমির হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানালেন। তার সঙ্গে ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

অন্যদিকে এবার প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানো শেষে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন। পরে দলীয় চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতাদের নিয়ে এবং এরপর স্ত্রী ও কন্যাকে নিয়ে শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করে চলে যাওয়ার পর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানানো শুরু করে।

একুশে উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।

রাত বারটা বাজার কয়েক মিনিট আগেই রাষ্ট্রপতি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

রাষ্ট্রপতি চলে যাবার পর রাত ১২টা ৮ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ উপস্থিত সবাই মুনাজাতে ৯০ ও ২৪ এর আন্দোলনের শহীদসহ ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ ও জনগণের কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করা হয়।

পরে মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র, দল ও শহীদ জিয়া পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও মুজিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কয়েকজন নেতা ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষাশহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেন তাঁরা।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘এবার রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদের নিয়ে। তাই আমি এসেছি। জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছেন তাদের সবাইকে আমরা স্মরণ করি। শেষ পর্যন্ত আমাদের ওসমান হাদিকেও আমরা স্মরণ করি।’

বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনার এলাকা ছেড়ে যাবার পর তিন বাহিনী প্রধান কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

দিবসটি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন স্থানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলাতেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মানুষ।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অমর একুশে ফেব্রুয়ারি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক