রংপুর কমিউনিটি মেডিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
মেডিভয়েস রিপোর্ট: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজর শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। একই সময়ে কালো পতাকাও উত্তোলন করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে সকাল ৯টা ৪৫ মিনিটে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আমাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন।
এরপর সকাল ১০টায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে রংপুর টাউন হল চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সবাই কালো ব্যাজ ধারণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
টিআই/ এমইউ