এনডিএফের বিবৃতি
অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ ও মূল্য নির্ধারণের উদ্যোগ জনকল্যাণমূলক
মেডিভয়েস রিপোর্ট: অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ ও যৌক্তিক মূল্য নির্ধারণের উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে এই সিদ্ধান্তের জন্য সরকারকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটি বলেছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জন্য মানসম্মত ওষুধের সহজপ্রাপ্যতা নিশ্চিত হবে, একই সঙ্গে চিকিৎসা ব্যয় ও স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর হবে।
আজ রোববার (১১ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
এনডিএফের দপ্তর সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানসম্মত, নিরাপদ ও কার্যকর ওষুধের সহজপ্রাপ্যতা একটি মৌলিক অধিকার। প্রয়োজনভিত্তিক পদ্ধতিতে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ এবং স্বচ্ছ ও যৌক্তিক মূল্য নির্ধারণ এই অধিকার বাস্তবায়নে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে সাধারণ জনগণের চিকিৎসা ব্যয় হ্রাস পাবে এবং স্বাস্থ্যসেবায় বৈষম্য কমে আসবে।
এনডিএফ নেতৃবৃন্দ বলেন, ওষুধের ন্যায্য মূল্য নির্ধারণ কালোবাজারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অনৈতিক মুনাফা রোধে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার ওপর জনগণের আস্থা সুদৃঢ় করবে এবং একটি টেকসই ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
‘এই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার, ওষুধ প্রশাসন, চিকিৎসক সমাজ, ফার্মাসিউটিক্যাল শিল্প এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের ইতিবাচক, বিজ্ঞানভিত্তিক ও জনবান্ধব স্বাস্থ্যনীতি গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত থাকবে’—আশাবাদ নেতৃবৃন্দের।
এমইউ/