২৯ ডিসেম্বর, ২০২৫ ০২:১৮ পিএম

চিকিৎসা শিক্ষায় উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে: বিএমইউ ভিসি

চিকিৎসা শিক্ষায় উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে: বিএমইউ ভিসি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা শিক্ষায় পিছিয়ে না থেকে চ্যালেঞ্জ গ্রহণ করে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট (এসসিএ) বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, ‘উচ্চতর মেডিক্যাল শিক্ষায় মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তৈরি করতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। এসসিএ শিক্ষার্থীদের ক্লিনিক্যাল দক্ষতা সুনির্দিষ্ট ও পরিকল্পিত উপায়ে মূল্যায়নের সুযোগ তৈরি করে, যা উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।’

বিএমইউর চর্মরোগ ও যৌন ব্যাধি বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিএমইউসহ দেশের বিভিন্ন মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন চর্মরোগ বিশেষজ্ঞ শিক্ষক ও চিকিৎসক অংশগ্রহণ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ মুনীর রশীদ। ধন্যবাদ জ্ঞাপন করেন মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী।

প্রধান রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবদাল মিয়া। রিসোর্স পারসন ছিলেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের মেডিক্যাল এডুকেশন বিষয়ের সহকারী অধ্যাপক ডা. মো. রাসেল আহমেদ খান।

কর্মশালায় এসসিএ-এর দর্শন উপস্থাপন, গ্রুপ ওয়ার্ক, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, গ্রুপ প্রেজেন্টেশন ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ক্লিনিক্যাল দক্ষতা মূল্যায়ন, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থী-কেন্দ্রিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য একাডেমিক কার্যক্রম ও গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলায় বিএমইউ প্রশ্নব্যাংক তৈরির উদ্যোগ নিয়েছে।

কর্মশালার আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ মেডিক্যাল শিক্ষা ও মূল্যায়নে গুণগত মান নিশ্চিত করতে সহায়ক হবে এবং ভবিষ্যৎ চিকিৎসকদের বাস্তব ক্লিনিক্যাল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরাও জানান, এসসিএ পদ্ধতির মাধ্যমে তারা ক্লিনিক্যাল মূল্যায়নের একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ধারণা পেয়েছেন।

কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন ও ডা. মো. মোস্তাক মাহমুদ।

অনুষ্ঠানের এক পর্যায়ে মুগদা মেডিককেল কলেজের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আবু রেজা সায়েম আহমেদ সম্পাদিত কনসাইস ডার্মাটোলজি বইটি উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের হাতে তুলে দেন। এ সময় বিএমইউ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত