২৩ ডিসেম্বর, ২০২৫ ০৬:৩৪ পিএম

আদ্-দ্বীন মেডিকেলে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

আদ্-দ্বীন মেডিকেলে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোপর্ট: পাঠ্যবইয়ের বিষয়বস্তুকে শিক্ষার্থীদের কাছে আরও সহজ করে তুলতে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে কলেজের এনাটমি বিভাগে এই অ্যানিমেশন মনিটর উদ্বোধন করা হয়।

থ্রি-ডি অ্যানিমেশন একটি আধুনিক শিক্ষামূলক সফটওয়্যার, যা পাঠ্যবইয়ের বিষয়বস্তুকে থ্রি-ডি অ্যানিমেশন, ভিডিও এবং ইন্টারঅ্যাক্টিভ টুলের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আরও সহজবোধ্য করে তোলে। এর মাধ্যমে মনিটরে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, রক্ত সঞ্চালনের প্রক্রিয়া কিংবা জটিল সার্জারির ধাপগুলো ত্রিমাত্রিকভাবে উপস্থাপন করা যায়। ফলে বইয়ের স্থির ছবি বা সাধারণ ভিডিওর তুলনায় বিষয়গুলো অনেক বেশি স্পষ্ট ও কার্যকরভাবে বোঝা সম্ভব হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিংসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান এবং এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ. বি. এম. ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মেডিকেল শিক্ষার মানোন্নয়ন এবং এনাটমি বা বিভিন্ন জটিল রোগ-ব্যাধি সহজভাবে বোঝাতে থ্রি-ডি অ্যানিমেশন প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখছে। পাঠ্যবইয়ের বিষয়বস্তুকে থ্রি-ডি অ্যানিমেশনে রূপান্তরের মাধ্যমে কঠিন ধারণাগুলোকে আরও জীবন্ত ও আকর্ষণীয় করে উপস্থাপন করা যায়, যা শিক্ষার্থীদের বোঝার সক্ষমতা বাড়ায় এবং শেখার আগ্রহ সৃষ্টি করে। নতুন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য এটি একটি শক্তিশালী ও আধুনিক প্রশিক্ষণ সহায়ক হিসেবে কাজ করছে।’

এ সময় মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং এনাটমি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত