ভারতে চিকিৎসায় অবহেলার অভিযোগ, ভাঙা পা রেখে সুস্থ পায়ে অস্ত্রোপচার
মেডিভয়েস রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। হাসপাতালের এক অর্থোপেডিক সার্জন ভুল করে বাম পায়ের হাড় ভাঙা এক রোগীর ডান পায়ে অস্ত্রোপচার করেছেন। এ নিয়ে রোগীর পরিবার ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সময় গত বুধবার (১৭ ডিসেম্বর) ঘটনাটি ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মালোপাড়া এলাকার ৭৫ বছর বয়সী রেণু বিবি বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাম পায়ের হিপ জয়েন্টে গুরুতর আঘাত পান।
এ অবস্থায় অস্ত্রোপচার জরুরি বলে জানান চিকিৎসকরা। পরে পরিবারের সম্মতিতে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। কিন্তু অপারেশন শেষে দেখা যায়, বাম পায়ের বদলে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। জ্ঞান ফেরার পর বিষয়টি বুঝতে পেরে রোগী চিৎকার শুরু করেন।
এ সময় স্বজনদের বিক্ষোভ এবং উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত রোগীকে অপারেশন থিয়েটারে ফিরিয়ে নেয় এবং ক্ষতিগ্রস্ত বাম পায়ে অস্ত্রোপচার করে।
সংশ্লিষ্ট চিকিৎসকের অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগে রেনু বিবির ছেলে মোহাম্মদ রহিমুদ্দিন বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, রোগীর দুই পায়েই চোট ছিল। তবে রোগীর স্বজনরা এ দাবি মানতে নারাজ। তাদের প্রশ্ন, এক্স-রে রিপোর্ট থাকা সত্ত্বেও কীভাবে এমন ভুল হলো।
মোহাম্মদ রহিমুদ্দিন দ্য টেলিগ্রাফকে বলেন, ‘বিকেলে বারান্দা থেকে পড়ে আমার মা আহত হন। আমরা প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাই, যেখানে কেবল এক্স-রে করা হয়। পরে নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের তাকে একটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। আমরা রাত ১১টার দিকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।’
তিনি বলেন, পরের দিন পরিবারকে জানানো হয়েছিল যে সন্ধ্যা ৭টায় অস্ত্রোপচার করা হবে, কিন্তু রোগীকে রাত ১১টার দিকে অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যাওয়া হয়।
‘অস্ত্রোপচার শেষে তাকে বের করে একটি সাধারণ শয্যায় রাখা হয়। তখনই আমরা দেখতে পাই যে, তার ডান পায়ে অস্ত্রোপচার করা হয়েছে, যদিও বাম পায়ে আঘাত পেয়েছে’—বলেন তিনি।
রহিমুদ্দিন আরও বলেন, পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে চিকিৎসক দাবি করেন, রোগীর কথার ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু কর্তব্যরত নার্স স্পষ্টভাবে বলেছিলেন যে রেকর্ডে 'বাম পা' লেখা আছে।
এই ঘটনায় ব্যাপক হৈ চৈ শুরু হলে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তের আশ্বাস দিয়ে হাসপাতালের সুপারিনটেনডেন্ট অনাদি রায় চৌধুরী বলেন, ‘আমি শুনেছি এমন একটি ঘটনা ঘটেছে, কিন্তু কেউ আমার কাছে অভিযোগ দায়ের করেনি। আমি জানতে পেরেছি, তারা সরাসরি পুলিশের কাছে গেছে এবং আমাকে অভিযোগের একটি কপিও দেয়নি। যেহেতু ঘটনাটি ঘটেছে, তাই আমি একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং তাদের তদন্তের দায়িত্ব দিয়েছি।’
‘তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো অপারেশন করা হয়নি। কেবল ট্র্যাকশন দেওয়া হয়েছিল’—যোগ করেন তিনি।
এমইউ/
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী