সহকারী অধ্যাপক হলেন আরও ৪৯৭ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত আরও ৪৯৭ জন কর্মকর্তাকে সহকারী অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ১১ ডিসেম্বর মন্ত্রণালয়ের সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এই কথা বলা হয়েছে।
সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে সহকারী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২২ ডিসেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।
পদোন্নতির বিভাগভিত্তিক হিসাব
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে অর্থোডন্টিক্স বিভাগে ২৫ জন, অথোপেডিক অনকোলজি অ্যান্ড মাসকুলোস্কেলেটাল টিউমার বিভাগে পাঁচজন, ইউরোগাইনিকোলজি বিভাগে এজজন, ইউরোলজি বিভাগে ৪৬ জন, ইএনটি বিভাগে ৭০ জন, ইনটারভেনশনাল কার্ডিওলজি বিভাগে ছয়জন, ইলিজারভ অ্যান্ড ডিফরমিটি কারেকশন বিভাগে পাঁচজন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগে ৪৩ জন, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগে ১৪ জন, কার্ডিয়াক ইলেক্ট্রোফিজিওলজি বিভাগে একজন, ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিনে দুইজন, গাইনি অনকোলজি বিভাগে ২৫ জন, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে ছয়জন, ডেন্টাল পাবলিক হেলথে আটজন, নন-ইনভেসিভ কার্ডিওলজি বিভাগে দুইজন, নিউরো অফথালমোলজি বিভাগে একজন, নিউরো ফিজিওলজি বিভাগে একজন, নিউরোসার্জারি বিভাগে তিনজন, পাবলিক হেলথ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে তিনজ, প্রস্থোডন্টিক্স ভিাগে ১০ জন, প্লাস্টিক সার্জারি বিভাগে ৬ জন, ফার্মাকোলজি বিভাগে ৪১ জন, ফিটো মেটারনাল মেডিসিনে ১৩ জন, ভাস্কুলার সার্জারি বিভাগে আটজন, ভিট্রিও রেটিনা বিভাগে দুইজন, রিউমাটোলজি বিভাগে ২০ জন, রেসডিরেটরি মেডিসিন বিভাগে ৭৭ জন, সার্জিক্যাল অনকোলজি বিভাগে আটজন, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগে তিনজন, স্কালবেজ নিউরোসার্জারি বিভাগে একজন, স্পাইন সার্জারি বিভাগে আটজন, স্পোর্টস মেডিসিন অ্যান্ড আর্থোস্কপি বিভাগে পাঁচজন, হেপাটলজি বিভাগে ২২ জন, হ্যান্ড অ্যান্ড মাইক্রো সাজারি বিভাগে ছয়জন রয়েছেন।
অনুসরণযোগ্য বিধিবিধান
‘সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকগণকে সুপারনিউমারারি পদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) চিকিৎসকগণকে পদোন্নতিপ্রাপ্ত পদে পরবর্তী পদায়ন না করা পর্যন্ত বদলি/পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না’—বলা হয় বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, ‘এ ছাড়া লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি/মাতৃত্বকালীন ছুটি ভোগরত কর্মকর্তাগণের লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি/মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি/পদায়ন কার্যকর হবে। পরবর্তীতে কোন চিকিৎসক কর্মকর্তার বিরুদ্ধে কোন বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’
এমইউ/