০১ ডিসেম্বর, ২০২৫ ০২:৩১ পিএম

ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে।

তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড পেজে এই তথ্য দিয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

এর আগে দুপুরে গুলশানে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সমস্ত চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসা করছেন। আল্লাহ তায়ালার কাছে গোটা দেশবাসী এই দোয়া করছি যে, আল্লাহ তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন।’

আরেক পোস্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামকে আইসিইউ-তে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হচ্ছে। সবার কাছে দোয়া প্রার্থী।’

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। এর পর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিএনপি চেয়ারপারসনের ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে।

সংকটময় অবস্থায় গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসা চলছে।

বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনহোপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গেও সমন্বয় করছেন তিনি।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর শারীরিক নানা জটিলতায় একাধিকবার তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বেগম খালেদা জিয়া
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক