২৮ নভেম্বর, ২০২৫ ০৪:৪০ পিএম

‘হাত-পা প্রতিস্থাপনও দেশে, না জানায় বিদেশমুখী রোগী’

‘হাত-পা প্রতিস্থাপনও দেশে, না জানায় বিদেশমুখী রোগী’
প্রেস ক্লাবে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সংবাদ সম্মেলন

মেডিভয়েস রিপোর্ট: দেশের চিকিৎসাখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশে এখন হাত-পা প্রতিস্থাপনসহ জটিল চিকিৎসাসেবাও দেওয়া সম্ভব। আধুনিক ও আন্তর্জাতিক মানের এই সব সেবা দেশে পাওয়া গেলেও অনেক সাধারণ মানুষ তা জানেন না। ফলে অনেকেই এখনও চিকিৎসার জন্য বিদেশমুখী হন। এ পরিস্থিতিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সোসাইটির দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বসকন–২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

এতে উপস্থিত ছিলেন সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. আবু কেনান, সদস্যসচিব ডা. ইরফানুল হক সিদ্দিকী, বসকন–২৫ উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদ এবং সেক্রেটারি ডা. মো. মিজানুর রহমান প্রমুখ।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, দেশের চিকিৎসাখাত অনেক দূর এগিয়েছে। দেশে হাত-পা প্রতিস্থাপনসহ জটিল অস্ত্রোপচারও করা যাচ্ছে। আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবা দেশে পাওয়া গেলেও অনেক মানুষ এসব সম্পর্কে জানেন না। ফলে বিদেশমুখী হওয়ার প্রবণতা রয়ে গেছে। কেউ কেউ আবার জায়গা-জমি বিক্রি করেও বিদেশে যাচ্ছেন চিকিৎসার জন্য। অথচ এসব অস্ত্রোপচার দেশের চিকিৎসকরাই সফলভাবে করতে পারছেন।

তাঁরা আরও বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের গুরুতর অস্ত্রোপচারও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সম্পন্ন করেছে। তারা নিটোরের চিকিৎসাতেই সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের চিকিৎসকেরা নিটোর পরিদর্শন করেছেন এবং বাংলাদেশের চিকিৎসকদের কাজের প্রশংসা করেছেন।

অধ্যাপক ডা. আবু কেনান বলেন, বর্তমানে বাংলাদেশে উপজেলা পর্যায়েও অর্থোপেডিক সার্জন রয়েছেন। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়। সার্জনরা আন্তরিকভাবে সেবা দিতে আগ্রহী হলেও প্রতিষ্ঠানগত উন্নয়ন না হওয়ায় সেবা পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না। প্রান্তিক পর্যায়ে নানা ধরনের সংকট রয়ে গেছে।

সোসাইটির বৈজ্ঞানিক সম্মেলনের গুরুত্ব তুলে ধরে ডা. ইরফানুল হক সিদ্দিকী বলেন, সম্মেলনের আগে দুটি ওয়ার্কশপের প্রি-কংগ্রেস অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি সার্জনরা চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন। অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে দেশের চিকিৎসকেরা গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত