বিএমইউতে প্রমাণভিত্তিক প্রিসিশন অনকোলজি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘প্রমাণভিত্তিক প্রিসিশন অনকোলজি: শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের সমন্বয়’—শীর্ষক আলোচনা সভা। আজ শনিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে এ সভা হয়।
অনুষ্ঠানের মূল আলোচনায় প্রিসিশন অনকোলজির ভবিষ্যৎ, এআই-নির্ভর ক্যান্সার চিকিৎসা, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং গবেষণাভিত্তিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়।
বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহিনুল আলম বলেন, এ ধরনের অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। অনকোলজি বিভাগে এআই-ভিত্তিক অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন কেনার জন্য ৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে আরো বরাদ্দ দেওয়া হবে। বিএমইউতে একটি ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে, যাতে রোগীরা আধুনিক সেবা পান এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ নিতে পারেন। এ বিষয়ে শিগগিরই ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুরের ডেপুটি সিইও (স্ট্র্যাটেজিক পার্টনারশিপস) ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের অধ্যাপক ডা. হান চং তোহ। তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রিসিশন অনকোলজির অগ্রগতি এবং বাংলাদেশে উচ্চমানের ক্যান্সার চিকিৎসা ও গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অনকোলজি বিভাগের এমডি ও এফসিপিএস রেসিডেন্টরা তাঁদের কারিকুলাম শেয়ার করেন এবং কেস প্রেজেন্টেশন উপস্থাপন করেন। ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও শিক্ষণীয় পরিবেশ তৈরি করে।
অনুষ্ঠানে ‘এআই ইন রেডিওথেরাপি কনটোউরিং (AI in Radiotherapy Contouring)’ বিষয়ে উপস্থাপনা করেন ডা. মাহমুদ হাসান, নওরিন এম ভিশন টিম।
এমইউ/