বিএমইউতে হবে ক্যান্সার ইনস্টিটিউট, সিঙ্গাপুর ক্যান্সার সেন্টারের সঙ্গে শিগগিরই চুক্তি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এখানে রোগীদের ক্যান্সারের সর্বাধুনিক সেবা প্রদান এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে। এ বিষয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টারের সঙ্গে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
আজ শনিবার (১ নভেম্বর) বিএমইউতে প্রমাণভিত্তিক প্রিসিশন অনকোলজি নিয়ে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিএমইউতে একটি ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে, যাতে রোগীরা আধুনিক সেবা পান এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ নিতে পারেন। এ বিষয়ে শিগগিরই ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) হবে।
এই ইনস্টিটিউ হলে বাংলাদেশের ক্যান্সার গবেষণা ও চিকিৎসায় নতুন অধ্যায় উন্মোচিত হবে বলে মনে করেন বিএমইউ ভিসি
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ ভিসি বলেন, অনকোলজি বিভাগে এআই-ভিত্তিক অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন কেনার জন্য ৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে আরো বরাদ্দ দেওয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুরের ডেপুটি সিইও (স্ট্র্যাটেজিক পার্টনারশিপস) ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের অধ্যাপক ডা. হান চং তোহ। তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রিসিশন অনকোলজির অগ্রগতি এবং বাংলাদেশে উচ্চমানের ক্যান্সার চিকিৎসা ও গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অনকোলজি বিভাগের এমডি ও এফসিপিএস রেসিডেন্টরা তাঁদের কারিকুলাম শেয়ার করেন এবং কেস প্রেজেন্টেশন উপস্থাপন করেন। ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও শিক্ষণীয় পরিবেশ তৈরি করে।
অধ্যাপক ডা. হান চং তোহ বলেন, ‘বাংলাদেশ এখন প্রিসিশন অনকোলজির বাস্তব প্রয়োগে প্রবেশ করছে। গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তি একত্রে ব্যবহৃত হলে দেশ ক্যান্সার চিকিৎসায় নতুন মানদণ্ড স্থাপন করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘এআই ও জিনোমিক ডেটার সমন্বয় ভবিষ্যতের চিকিৎসাকে ব্যক্তি-নির্ভর করে তুলবে, যেখানে প্রতিটি রোগী পাবেন তার জন্য নির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা।’
অনুষ্ঠানে ‘এআই ইন রেডিওথেরাপি কনটোউরিং (AI in Radiotherapy Contouring)’ বিষয়ে উপস্থাপনা করেন ডা. মাহমুদ হাসান, নওরিন এম ভিশন টিম।
এমইউ/