২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১০ পিএম

বিএমইউর অ্যানেসথেশিয়া ও পেইন মেডিসিনের প্রশিক্ষণের সময়কাল ও ফি নির্ধারণ

বিএমইউর অ্যানেসথেশিয়া ও পেইন মেডিসিনের প্রশিক্ষণের সময়কাল ও ফি নির্ধারণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রেজিওনাল অ্যানেসথেশিয়া ও পেইন মেডিসিন ডিভিশনে প্রশিক্ষণের সময়কাল ও কোর্স ফি নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ কথা বলা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ‘এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে রেজিওনাল এ্যানেসথেসিয়া ও পেইন মেডিসিন ডিভিশনে নিম্নলিখিত শর্তে হাতে কলমে ট্রেনিংয়ে বিষয়ে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোর্সের সময়কাল ও কোর্স ফি নির্ধারণ করা হলো।’

নতুন নির্দেশনা অনুযায়ী, এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণে ৫-৬ জন প্রশিক্ষণার্থী থাকবে, যার কোর্স ফি হবে দুই হাজার টাকা। এ ছাড়া ৪ সপ্তাহব্যাপী কোর্সে দেশি প্রশিক্ষণার্থীদের বিশ হাজার টাকা ও বিদেশি শিক্ষার্থীদের ৬০ হাজার সাতশত দুই’ (৫০০ ইউএস ডলার) টাকা। আর ছয় মাস থেকে এক বছর মেয়াদি কোর্সে দেশি শিক্ষার্থীর এক লাখ ও বিদেশি শিক্ষার্থীদের জন্য ছয় লাখ সাত হাজার পঁচিশ (পাঁচ হাজার ইউএস ডলার) টাকা। 
 
শর্তাবলী

১. চিকিৎসকবৃন্দ নির্ধারিত ফরমে আবেদন করবেন। বিভাগীয় চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি দ্বারা যাচাই করে নির্বাচিত চিকিৎসকদের নাম যথাযথ কর্তৃপক্ষের অবগতির জন্য প্রেরণ করবেন।
২. প্রশিক্ষণ ও মূল্যয়ন শেষে সার্জারি ফ্যাকালটির ডিন, বিভাগীয় চেয়াম্যান, রিজিওনাল এ্যানেসথেসিয়া ও পেইন মেডিসিন ডিভিশন প্রধানের স্বাক্ষরে ট্রেনিং সার্টিফিকেট প্রদান করা হবে।

কোন সরকারি চিকিৎসক ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে আগ্রহী হলে নিজ দায়িত্বে প্রয়োজনীয় প্রেষণের ব্যবস্থা করতে হবে। তবে বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজ-পত্র প্রদান করা হবে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত