০৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৭ পিএম

নূরের পূর্ণ সুস্থতায় আরও চার-ছয় সপ্তাহ লাগতে পারে: ঢামেক পরিচালক

নূরের পূর্ণ সুস্থতায় আরও চার-ছয় সপ্তাহ লাগতে পারে: ঢামেক পরিচালক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানানা। ঢামেক পরিচালক বলেন, ‘নূরের সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। বর্তমানে তিনি ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত। জ্বর সেরে গেলে যেকোনো দিন তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।’

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, ঘটনার দিনই নুরুল হক নূরকে হাসপাতালে আনার পরপরই একটি চিকিৎসক বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করা হয়। তার নাকের হাড় ভেঙে গিয়েছিল এবং সেখান থেকে রক্তপাত হচ্ছিল। তবে পরদিনই রক্তপাত বন্ধ হয়ে যায়। এছাড়া তার চোয়ালের হাড়ে ফ্র্যাকচার ছিল, যা ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। চোখে রক্ত জমাট থাকলেও তা কেটে গেছে এবং বর্তমানে তার দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, ‘আমরা শুরুতে মাথার আঘাত নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলাম। প্রথম সিটিস্ক্যানে মস্তিষ্কে সামান্য রক্ত জমাট দেখা গেলেও পরে আরেকটি সিটিস্ক্যানে তা আর পাওয়া যায়নি। অনেকেই বলছেন, নূরের মেমোরি লস হচ্ছে। তবে নিউরো সার্জারির চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, এমন ইনজুরিতে স্মৃতিভ্রংশ হওয়ার সম্ভাবনা নেই।’

নূরকে বিদেশে চিকিৎসার বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢামেক পরিচালক বলেন, ‘তার পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পারে।’

এ সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম এবং চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা. হোসনে আরা উসমানী।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক