২৩ অগাস্ট, ২০২৫ ০৩:৪৭ পিএম

রংপুরে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার

রংপুরে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রংপুরবাসীর চিকিৎসাসেবার উন্নয়নে ৫৬০ শয্যার একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে সরকার। কিডনি, ক্যান্সার ও হৃদরোগের চিকিৎসায় নির্দিষ্ট করে নির্মাণ হতে যাওয়া এই হাসপাতালের জন্য বাজেট ইতোমধ্যেই অনুমোদন করা হয়েছে।

আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি। অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এই বাস্তবতায় সরকার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমান মেয়াদে না হলেও পরবর্তী সরকার এই প্রকল্প বাস্তবায়ন করবে।’

স্বাস্থ্যখাতে অনিয়ম কমাতে সরকার ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) পদ্ধতিতে সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান উপদেষ্টা। এতে সিন্ডিকেট ও দুর্নীতি অনেকটাই হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

করোনা মহামারিতে স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘অনেক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী প্রাণ দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তবে যারা এখনো স্বাস্থ্যখাতে সিন্ডিকেট ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জুলাই গণঅভুথানে আন্দলনকারীদের আত্যত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘অনেকেই পা, হাত বা চোখ হারিয়েছে। এসব দেখে কি সংশ্লিষ্টদের বিবেক জাগে না? দেশের পরিবর্তনের জন্য আগে আমাদের নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে।’

রংপুর শিশু হাসপাতাল প্রসঙ্গে নূরজাহান বেগম বলেন, ‘এই হাসপাতাল চালু করার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। তবে এটি চালু করতে প্রয়োজন যথাযথ জনবল ও যন্ত্রপাতি। আগের সরকার তা নিশ্চিত না করায় এখনও শুরু হয়নি।’

তিনি আরও জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগে পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. শাহিন সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপদেষ্টা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এর আগে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন তিনি। বিকেলে তিনি নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল প্রাঙ্গণে প্রস্তাবিত হাসপাতালের স্থানও পরিদর্শন করবেন।

টিআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক