দেশে এক বছরে এইচআইভি বেড়েছে ২২%, নতুন শনাক্তের বড় অংশ সমকামী ও পুরুষ যৌনকর্মী
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত এক বছরে নতুন করে দুই হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। একই সময়ে এইচআইভি-সম্পর্কিত মৃত্যুও বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ। ২০২৫ সালে এ রোগে ২৫৪ জনের মৃত্যু হলেও ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮৫ জনে।
আজ রোববার (২৯ নভেম্বর) বিশ্ব এইডস দিবস ২০২৬ উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩০৫ জনের শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়।
নতুন শনাক্তদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ এবং ১৫ শতাংশ নারী। বয়সভিত্তিক হিসাবে আক্রান্তদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে সংক্রমণের হার ২৪ শতাংশ। আক্রান্তদের ৪৮ শতাংশ বিবাহিত এবং সমপরিমাণ ৪৮ শতাংশ অবিবাহিত।
পুরুষ সমকামী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণ বেশি
নতুন শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি ৬০ শতাংশ পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্ক স্থাপনকারী (এমএসএম) এবং পুরুষ যৌনকর্মী (এমএসডব্লিউ) জনগোষ্ঠীর। এর মধ্যে এমএসএম ৫০ শতাংশ এবং এমএসডব্লিউ ১০ শতাংশ।
এ ছাড়া বিদেশফেরত ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মধ্যে ৫ শতাংশ, শিরায় মাদক গ্রহণকারীদের মধ্যে ৪ শতাংশ, নারী যৌনকর্মীদের মধ্যে ১ শতাংশ এবং হিজড়া জনগোষ্ঠীর মধ্যে ১ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে। বাকি ১৮ শতাংশ অন্যান্য জনগোষ্ঠীর।
গত বছর নতুন শনাক্তদের মধ্যে এমএসএম ও এমএসডব্লিউ জনগোষ্ঠীর হার ছিল প্রায় ৪৯ শতাংশ। এক বছরের ব্যবধানে তা বেড়ে ৬০ শতাংশ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কর্মকর্তারা জানান, এ জনগোষ্ঠীর বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দেশে শনাক্তের বাইরে প্রায় ৩ হাজার ২০০ আক্রান্ত ব্যক্তি
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে বর্তমানে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে এ পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে ১৬ হাজার ৬১৮ জনকে। ফলে এখনো প্রায় ৩ হাজার ২০০ আক্রান্ত ব্যক্তি শনাক্তের বাইরে রয়েছেন।
তবে নতুন শনাক্ত ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) থেরাপির মাধ্যমে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। এতে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে।
বর্তমানে দেশে প্রায় ১০ হাজার ১১৪ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি সরকারিভাবে বিনামূল্যে নিয়মিত এআরভি ওষুধ পাচ্ছেন। ২০১৭ সাল থেকে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে সরকার।
৬৪ জেলায় পরীক্ষাসেবা সম্প্রসারণের উদ্যোগ
বর্তমানে সরকারি অর্থায়নে ২০টি জেলার ২৩টি সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষাকেন্দ্র এবং ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা চালু রয়েছে। পাশাপাশি আটটি এনজিওর ড্রপ-ইন সেন্টারের মাধ্যমেও সেবা দেওয়া হচ্ছে।
দেশের ৬৪ জেলায় এইচআইভি পরীক্ষাসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালগুলোতে পরীক্ষার ব্যবস্থা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নীতিগত অনুমোদন পেয়েছে।
দ্য গ্লোবাল ফান্ডের সহায়তায় দেশের ৪২টি জেলায় এইচআইভি ও যৌনবাহিত রোগ প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় প্রায় ১ লাখ ৪৫ হাজার মানুষকে সেবা দেওয়ার উদ্যোগ রয়েছে। জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, সেভ দ্য চিলড্রেন ও আইসিডিডিআর,বি এসব কার্যক্রম বাস্তবায়ন করছে।
এ কর্মসূচির আওতায় ৩৮টি জেলায় ২৯ হাজার ৮৯৭ জন শিরায় মাদক গ্রহণকারী, ২৯টি জেলায় ৮২ হাজার ২০৫ জন এমএসএম/এমএসডব্লিউ, ১৪টি জেলায় ২৫ হাজার ৫৭৩ জন নারী যৌনকর্মী এবং ২৯টি জেলায় ৬ হাজার ৯৯৫ জন হিজড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।
এসব সেবার মধ্যে রয়েছে এইচআইভি প্রতিরোধসামগ্রী বিতরণ, পরীক্ষা, চিকিৎসার আওতায় আনা, যৌনবাহিত রোগের ব্যবস্থাপনা, সহকর্মীদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং আচরণ পরিবর্তনমূলক কার্যক্রম।
এ ছাড়া দেশের ১১টি জেলার ১২টি কারাগারে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা চালু রয়েছে। সংক্রমণ প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ এবং জেলা লিগ্যাল এইড কমিটিগুলোর ওরিয়েন্টেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যেও এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ৩৪টি নিবন্ধিত ক্যাম্পে উন্নয়ন সহযোগী ও এনজিও পরিচালিত হাসপাতালের মাধ্যমে এসব কার্যক্রম চলছে। এতে আইওএম, ব্র্যাকসহ বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা সহযোগিতা করছে।
প্রসঙ্গত, বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার শূন্য দশমিক ০১ শতাংশের নিচে রয়েছে। তবে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ কম হলেও নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি।
আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব এইডস দিবস। এবারের প্রতিপাদ্য ‘সেবা বাড়াই, এইডস কমাই’।
এমআর/