২৬ জুলাই, ২০২৫ ০৬:৩০ পিএম

সিএমএইচে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা

সিএমএইচে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শনিবার (২৬ জুলাই) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বাস্থ্য উপদেষ্টা। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনাও করেন তিনি।

জানা গেছে, বর্তমানে সিএমএইচ হাসপাতালে বিমান দুর্ঘটনায় আহত আটজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। উপদেষ্টা আহত প্রত্যেকের শয্যাপাশে গিয়ে তাদের চিকিৎসা ও সেবার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তিনি রোগীদের মনোবল বৃদ্ধির জন্য কথা বলেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মানবিকভাবে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে নূরজাহান বেগম সাংবাদিকদের বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় সিএমএইচ কর্তৃপক্ষের দ্রুত সাড়া ও কার্যকর সেবার প্রশংসা করে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান স্বাস্থ্য উপদেষ্টা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর রাজধানীর সাতটি সরকারি ও বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (২৬ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্যমতে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৮ জন।

সবচেয়ে বেশি ভর্তি রয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, সেখানে ৩৮ জন চিকিৎসাধীন এবং মৃত্যুর সংখ্যা ১৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), সেখানে ভর্তি হয়েছেন ৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি থাকলেও এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি না থাকলেও মৃত্যু হয়েছে একজনের।

এ ছাড়া লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন গর্ভবতী নারীর গর্ভস্থ সন্তান (ভ্রূণ) মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ইউনাইটেড হাসপাতাল লিমিটেডেও একজনের মৃত্যু হয়েছে, তবে কোনো ভর্তি নেই। এছাড়া জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একজন ভর্তি রয়েছেন এবং এখনো কোনো মৃত্যুর খবর নেই।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরার বিমান দুর্ঘটনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক