২৫ জুলাই, ২০২৫ ০৫:১৫ পিএম

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেলে ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেলে ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ (সিএমওসিএইচএমসি) ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। এটিই এ প্রতিষ্ঠানে বিডিএস কোর্সের প্রথম ব্যাচ।

কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) ভিসি অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ওমর ফারুক ইউসুফ বলেন, ‘আপনারা ইতিহাসের অংশ হতে যাচ্ছেন, কারণ আপনারাই এই প্রতিষ্ঠানের ডেন্টাল ইউনিটের প্রথম ব্যাচ। এই প্রতিষ্ঠানের মেডিকেল শিক্ষায় রয়েছে সুপ্রতিষ্ঠিত খ্যাতি। চিকিৎসক হওয়ার আগে আপনাদের মানুষের সেবায় প্রস্তুত হতে হবে—কর্মপ্রিয়তা, নৈতিকতা এবং মানবিকতা আপনার প্রধান পরিচয় হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এসএম মোরশেদ হোসাইন, ম্যানেজিং ট্রাস্টি ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম আজাদ, জয়েন্ট ম্যানেজিং ট্রাস্টি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী ও ডা. মো. সারোয়ার আলম।

ডেন্টাল ইউনিটের প্রধান ডা. মো. কামরুল হাসান স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের ইতিহাস, ডেন্টাল অবকাঠামো, শিক্ষাব্যবস্থা ও শিক্ষক-শিক্ষিকাদের পরিচিতি তুলে ধরেন। এ ছাড়া কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. এএসএম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক ও পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. একেএম. আশরাফুল করিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেইজ-১ কো-অর্ডিনেটর ও ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহেদা খানম।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীসহ বহু হতাহতের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয়। নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত এবং আহতদের জন্য সমবেদনাও জানানো হয় অনুষ্ঠানে।

টিআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত