২২ জুলাই, ২০২৫ ১২:৩৫ পিএম

উত্তরা বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এসএসএমসিতে বাদ যোহর দোয়া মাহফিল

উত্তরা বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এসএসএমসিতে বাদ যোহর দোয়া মাহফিল
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) প্রশাসন।

আজ মঙ্গলবার (২২ জুলাই) মিটফোর্ড হাসপাতালের ২ নম্বর গেট সংলগ্ন মসজিদে বাদ যোহর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক অফিস নোটিশে বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, ‘সোমবার (২১ জুলাই) তারিখে উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এখন পর্যন্ত আহত অবস্থায় ১৬৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দুর্ঘটনার তাৎক্ষণিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আহতদের সুচিকিৎসা নিশ্চিতে জরুরি চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে।

সরকারিভাবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং আজকের (মঙ্গলবার) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এসএসএমসি কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল আয়োজন করা হবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরার বিমান দুর্ঘটনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত