২১ জুলাই, ২০২৫ ০৪:৩১ পিএম

বিমান দুর্ঘটনা: চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিমান দুর্ঘটনা: চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ প্রধান উপদেষ্টার
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে এক প্রেস বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

‘এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ’—যোগ করেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি।’

এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও জানানো হয়েছে প্রধান উপদেষ্টার বিবৃতিতে।

প্রসঙ্গত, দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় ইতোমধ্যে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন বিমান বিধ্বস্ত হওয়ার সময়ে এবং পরে একজনের মৃত্যু হয়েছে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়।

বিমান বিধ্বস্ত হওয়ার পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। অপর একজন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ ঘটনায় (বিকেল ৪টা ২৫ মিনিট পর্যন্ত) দুজনের মৃত্যুর খবর পাওয়া গেল।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরার বিমান দুর্ঘটনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক