১৭ জুলাই, ২০২৫ ০৪:০৬ পিএম

গাজার রোগীদের চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তা চায় ডব্লিউএইচও

গাজার রোগীদের চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তা চায় ডব্লিউএইচও
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসার জন্য অধিকাংশ শিশু রোগীকে জর্ডানে স্থানান্তরের পর গাজা উপত্যকার গুরুতর অসুস্থদের জন্য চিকিৎসা সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটির মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়েসাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ড. টেড্রোস বলেন, বর্তমানে গাজার ১০ হাজারেরও বেশি মানুষের চিকিৎসার জন্য বিদেশে স্থানান্তরের প্রয়োজন রয়েছে। তিনি আরও দেশকে এগিয়ে এসে এসব রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানান। ‘বহু মানুষের জীবন এই সহায়তার উপর নির্ভর করছে,’ বলেন ড. টেড্রোস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, যুদ্ধের প্রভাবে গাজার অধিকাংশ হাসপাতাল আংশিক বা পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। বিমান হামলা, চিকিৎসা সরঞ্জাম, খাদ্য, বিশুদ্ধ পানি ও জ্বালানির ঘাটতির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

ডব্লিউএইচও আরও জানায়, যে হারে রোগীদের স্থানান্তর করা হচ্ছে, তাতে গাজায় চিকিৎসার অপেক্ষায় থাকা সকল রোগীকে সরিয়ে নিতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

ডব্লিউএইচও মহাপরিচালক জানান, ‘আজ, ডব্লিউএইচও গাজা থেকে ৩৫ জন রোগী এবং তাদের পরিবারের ৭২ জন সদস্যকে জর্ডানে স্থানান্তরের নেতৃত্ব দিয়েছে। এই রোগীদের অধিকাংশই শিশু।’

তিনি আরও বলেন, ‘গুরুতর অসুস্থ রোগীদের অব্যাহত চিকিৎসা এবং বিশেষায়িত সেবা প্রদান নিশ্চিত করতে জর্ডান সরকারের সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।’

এদিকে, যুদ্ধ-পূর্ব ঐতিহ্যবাহী রেফারেল ব্যবস্থা পুনরায় সম্পূর্ণরূপে চালু করতে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের হাসপাতালগুলোর জন্য একটি প্রসারিত চিকিৎসা করিডর চালুর দাবিও জানিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলের ওপর আক্রমণের মধ্য দিয়ে গাজায় যুদ্ধের সূচনা হয়। এএফপির তথ্যানুসারে, ওই হামলায় ১ হাজার ২১৯ জন ইসরায়েলি নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। পাল্টা অভিযানে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫৮ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বড় একটি অংশও বেসামরিক নাগরিক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডব্লিউএইচও
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও