১৫ জুলাই, ২০২৫ ১২:৫৫ পিএম
চিকিৎসায় অবহেলা ও অনৈতিক সুবিধা

স্বপ্নীলসহ ১২ চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিতে প্রজ্ঞাপন জারি

স্বপ্নীলসহ ১২ চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিতে প্রজ্ঞাপন জারি
(উপরে বাঁ থেকে) ডা. স্বপ্নীল, সুনান, নাসিফ, সাওদা, আক্তার, ফৌজিয়া, (নিচে বাঁ থেকে) ডা. প্রভাস, জাহিদ, ফয়জুন নেসা, সবুজ, নাহিদা, নুরুল ও স্বাস্থ্য সহকারী জাহেদ। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসায় অবহেলার অভিযোগে আলোচিত ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলসহ ১১ চিকিৎসক ও এক চিকিৎসা সহকারীর রেজিস্ট্রেশন স্থগিতের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। অর্থের বিনিময়ে ভুয়া মেডিকেল সার্টিফিকেট প্রদানের দায়ে স্থগিত করা হয়েছে আরেক চিকিৎসকের রেজিস্ট্রেশন।

সোমবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন এ প্রজ্ঞাপন জারি করেন।

গত ২১ জুন বিএমডিসির শৃঙ্খলা কমিটির সভায় তাদের রেজিস্ট্রেশন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ১ জুলাই এ স্থগিতাদেশ কার্যকর হয়েছে। এ ছাড়া লঘু অপরাধ প্রমাণিত হওয়ায় ৫৩তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আট চিকিৎসককে সতর্ক করেছে বিএমডিসি। একই সাথে নয়টি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাউন্সিলের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।

রেজিস্ট্রেশন স্থগিত যাদের

চিকিৎসকদের মধ্যে ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের রেজিস্ট্রেশন পাঁচ বছরের জন্য স্থগিত করা হয়েছে। তিন বছরের জন্য স্থগিত করা হয়েছে পাঁচজনের রেজিস্ট্রেশন। তারা হলেন—ডা. ফৌজিয়া ফরিদ, ডা. মোহাম্মদ আক্তার হোসেন, ডা. জাহিদ হোসেন খান, ডা. ফয়জুন নেসা ও ডা. মো. নুরুল আমীন। এ ছাড়া দুই বছরের জন্য ডা. সবুজ কুমার দাস ও এক বছরের জন্য ডা. সাওদা তাসনীমের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে।

ছয় মাসের জন্য রেজিস্ট্রেশন স্থগিত হয়েছে চার চিকিৎসকের। তারা হলেন—ডা. মো. সুনান বিন ইসলাম, ডা. মো. নাসিফ শাহরিয়ার ইসলাম, ডা. প্রভাস মন্ডল ও ডা. নাহিদা ইয়াসমিন। আর ছয় মাসের জন্য রেজিস্ট্রেশন স্থগিত হওয়া চিকিৎসা সহকারী হলেন জাহেদ হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বর্ণিত চিকিৎসক ও মেডিকেল সহকারীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএমডিসি আইন-২০১০ এর ধারা ৬১(২৩)(১) এবং বিএমডিসি প্রবিধানমালা-২০২২ এর বিধান ৩৬(৪)(খ) অনুযায়ী বিএমডিসির রেজিস্ট্রার থেকে উল্লিখিত মেয়াদের জন্য তাদের নাম প্রত্যাহারপূর্বক প্রদত্ত রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘আইনের ধারা ২২(১) অনুযায়ী, এ সময়কালে তারা তাদের নির্ধারিত পেশাগত দায়িত্ব পালন বা পরিচয় জ্ঞাপন করতে পারবেন না।’

এ ছাড়া কাউন্সিলের ৫৩তম সাধারণ সভায় অনুমোদনের প্রেক্ষিতে ছয় চিকিৎসককে বিভিন্ন অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চিকিৎসকদের বিরুদ্ধে যত অভিযোগ

রেজিস্ট্রেশন স্থগিত হওয়া চিকিৎসক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিব রেজার চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি ল্যাবএইডে চিকিৎসাধীন অবস্থায় রাহিব রেজার মৃত্যু হয়। ডা. স্বপ্নীল রাহিব রেজার অস্ত্রোপচার দলের প্রধান ছিলেন। ওই বছরের ২৩ অক্টোবর হাইকোর্টে দাখিল করা স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে স্বপ্নীলের অবহেলার তথ্য উঠে আসে। পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়া।

প্রতিবেদনে বলা হয়, যথাযথ প্রক্রিয়া মেনে রোগীকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়নি। এ ছাড়া এনডোস্কোপি করা হয়েছে অদক্ষ লোক দিয়ে। এমনকি জটিলতা দেখা দিলেও রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে ৮৫ মিনিট সময় ক্ষেপণ করা হয়। এতে তার অবস্থা খারাপ হয় এবং এক পর্যায়ে রাহিব রেজা মারা যান।

এ ছাড়া দুই বছর আগে প্রকৌশলী আফসার আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তেও ডা. স্বপ্নীলের বিরুদ্ধে ‘দায় খুঁজে পাওয়া’ গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওই প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধেও মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত ১৬ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নিতে বিএমডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেয়। পরে ২৮ জানুয়ারি মন্ত্রণালয়ের নির্দেশনার ওই কপি আফসার আহমেদের পরিবারের হাতে আসে।

এদিকে রাহিব রেজার মৃত্যুর ঘটনায় ডা. স্বপ্নীল ছাড়াও আরও দুই চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়। তারা হলেন—ডা. মো. সুনান বিন ইসলাম ও ডা. মো. নাসিফ শাহরিয়ার ইসলাম।

অপরদিকে প্রসূতি উম্মে সালমা নিশির চিকিৎসায় অবহেলার অভিযোগে ডা. সাওদা তাসনীম, ডা. মোহাম্মদ আক্তার হোসেন, ডা. ফৌজিয়া ফরিদ ও স্বাস্থ্য সহকারী জাহেদ হাসানের রেজিস্ট্রেশন স্থগিত হয়েছে। ডা. প্রভাস মন্ডল ও ডা. জাহিদ হোসেন খানের রেজিস্ট্রেশন স্থগিত হয়েছে প্রসূতি আফরোজা বেগমের চিকিৎসায় অবহেলার ঘটনায়। এ ছাড়া প্রসূতি অন্তরা অন্তরা খাতুনের চিকিৎসায় অবহেলার দায়ে ডা. ফয়জুন নেসা, প্রসূতি মেঘলা আক্তারের চিকিৎসায় অবহেলার দায়ে ডা. সবুজ কুমার দাস এবং প্রসূতি তাহিদা খানমের চিকিৎসায় অবহেলার দায়ে ডা. নাহিদা ইয়াসমিনের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে।

আর ডা. মো. নুরুল আমীনের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে আর্থিক সুবিধা নিয়ে অসত্য মেডিকেল সার্টিফিকেট প্রদানের দায়ে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত