১৩ জুলাই, ২০২৫ ১২:৩২ পিএম

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নিরাপদ ক্যাম্পাস ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রোববার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে তারা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে এমবিবিএস ৪৯তম থেকে ৫৩তম ব্যাচ এবং বিডিএস ১০ থেকে ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, মিডফোর্ড এলাকায় দীর্ঘদিন ধরে বহিরাগতদের দাপট, চাঁদাবাজি, হুমকি এবং অশোভন আচরণের কারণে ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বারবার অভিযোগ জানিয়েও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। তাতে লেখা ছিল—
‘চাঁদাবাজের ঠিকানা মিডফোর্ডে হবে না’,
‘জুলাই টু জুলাই লড়বো আমরা সবাই’,
‘নিরাপত্তা চাই, অন্য কিছু নয়’,
‘ভবিষ্যৎ রক্ষা চাই—শিক্ষার পরিবেশ ফেরাও’।

শিক্ষার্থীরা জানান, ‘তারা এক বছর ধরে নিরাপদ ক্যাম্পাসের জন্য আন্দোলন করে আসছেন কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা ক্লাস-পরীক্ষা বর্জনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা এখানে ডাক্তার হতে এসেছি, আতঙ্কে দিন কাটাতে না। বারবার বলার পরও কেন প্রশাসন নিরব, সেটা আমাদের বোধগম্য নয়।’

শিক্ষার্থীদের দাবি,
১. মিডফোর্ড এলাকায় চাঁদাবাজ ও বহিরাগতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
২. ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধান পরিকল্পনা দিতে হবে।
৪.শিক্ষার্থী ও ডাক্তারদের নিরাপত্তা প্রদানের নিমিত্তে অতিদ্রুত পুলিশবক্স স্থাপনের ব্যবস্থা করতে হবে।
৫. ক্যাম্পাস এরিয়াতে পর্যাপ্ত সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত