১৭ জুন, ২০২৫ ০৪:০১ পিএম

সমন্বিত উদ্যোগেই বিএমইউর কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব: ভিসি

সমন্বিত উদ্যোগেই বিএমইউর কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব: ভিসি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএমইউ) এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ের অসামান্য অবদান রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। আজ মঙ্গলবার (১৭ জুন) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং বিষয়ক সভায় তিনি এসব বিষয়ে তুলে ধরেন।

ভিসি আরো বলেন, ‘আমরা যদি বিএমইউকে এগিয়ে নিতে না পারি তাহলে হারিয়ে যাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। যা কোনোভাবেই কাম্য নয়। অবশ্যই আমাদের সফল হতে হবে। শতভাগ সফল হতে হবে। র‌্যাঙ্কিং একটি ধারাবাহিক কঠিন প্রক্রিয়া। অনেকটা ক্রিকেটের টেস্ট ম্যাচের মতো। এতে সফল হতে সময়, শ্রম, মেধা সবকিছুই দিতে হয়।’

বিগত পাঁচ বছরে বিএমইউর প্রায় এক হাজার পাবলিকেশনস ইনডেক্স জার্নালে প্রকাশ হয়েছে উল্লেখ করে ভিসি বলেন, ‘এখানে রয়েছে আন্তর্জাতিক মানের গবেষক। রিসার্চ সাইটেশনে সফলতা রয়েছে। এটাই প্রমাণ করে আমরা র‌্যাঙ্কিংয়েও উন্নতি করতে পারবো। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের উন্নতিতে শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, শিল্প আয়, রিসার্চ সাইটেশনস ও ডকুমেন্টেশনের উপর অধিক গুরুত্ব দিতে হবে। ডকুমেন্টশনের জন্য প্রচুর সময় দিতে হবে। তবেই র‌্যাঙ্কিং সাফল্য আসবে বলে।’

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং কমিটির সদস্য সচিব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারসহ কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো আবুল কালাম আজাদ সকল সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের উন্নতির কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার র‌্যাঙ্কিয়ের উন্নতিতে আন্তর্জাতিক মানের গবেষণা সম্পন্ন করা ও প্রকাশনার উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিএমইউর গবেষণা সহকারীদের যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার তার বক্তব্যে ইউনিভার্সিটির র‌্যাঙ্কিংয়ে সফলতা পেতে সংশ্লিষ্টদের সদিচ্ছার সাথে বেশি করে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

এসআইএস/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত