১৪ জুন, ২০২৫ ০৭:২৭ পিএম

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৬৯

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৬৯
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৯ জন। এর মধ্যে বরিশালেই ডেঙ্গু শনাক্ত হয়েছে ১০১ জনের।

আজ শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ওই নারীর বয়স ৩৬ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ৬৬ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু ভাইরাসে মোট ২৯ জনের মৃত্যু হলো, যার মধ্যে গত এক সপ্তাহেই মারা গেছেন ছয়জন। এ ছাড়া ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট পাঁচ হাজার ৭৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচ হাজার ৭৭ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টার হিসেবে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ জন। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ১৬, দক্ষিণ সিটিতে ১৯ এবং সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন পাঁচজন।

চলতি বছরের হিসেবেও ডেঙ্গু আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। এ পর্যন্ত বিভাগটিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৮৯ জন। এ বিভাগে মৃত্যু হয়েছে সাতজনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগ, ৮৭৭ জন। তবে এ বিভাগে মৃত্যুর হার তুলনামূলক কম। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, ১৪ জনের। দক্ষিণ সিটিতে আক্রান্ত হয়েছেন ৮৩৪ জন।

ঢাকা বিভাগে ৫৫২ জন আক্রান্তের পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে। আর উত্তর সিটিতে আক্রান্ত হয়েছেন ৪৯৬ এবং মৃত্যু হয়েছে একজনের। খুলনা বিভাগে ১৬৮ জন আক্রান্ত এবং দুইজনের মৃত্যু হয়েছে। আর ময়মনসিংহ বিভাগে ৯৬ জন আক্রান্ত এবং মারা গেছেন একজন। এ ছাড়া রাজশাহীতে ৮৮, রংপুরে ১৯ এবং সিলেট বিভাগে ২০ জন আক্রান্ত হলেও কোনো মৃত্যু নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারির পর সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মে মাসে, এক হাজার ৭৭৩। জানুয়ারিতে এ সংখ্যা ছিল এক হাজার ১৬১। এ ছাড়া ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬ এবং এপ্রিলে আক্রান্ত হন ৭০১ জন। হিসেব বলছে, এপ্রিলের পর মে মাসে এক লাফে বেড়েছে আড়াই গুণ। সেখানে চলতি জুনের প্রথম ১৪ দিনেই ডেঙ্গু শনাক্ত হলো এক হাজার ৩৯৪ জনের শরীরে।

এ ছাড়া জুন মাসের দ্বিতীয় সপ্তাহেই ছয়জনের মৃত্যু হয়েছে, যেখানে চলতি বছরে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল জানুয়ারি মাসে। এরপর ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত এবং মে মাসে তিনজনের মৃত্যু হয়। মার্চে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক