বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মানবাধিকার কর্মশালা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) উদ্যোগে দিনব্যাপী মানবাধিকার বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে বরিশাল বিভাগের ছয় জেলার বাছাই করা ৩০ জন তরুণ মানবাধিকারকর্মী অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৩ মে) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জাতিসংঘের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরির সক্ষমতা অর্জনের লক্ষ্যে তরুণদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালা পরিচালনা করেন এইচআরএসএসের নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন অফিসার সিফাত উল্লাহ। কর্মশালায় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক, ডকুমেন্টেশন, গবেষণা ও অনুসন্ধান পদ্ধতি নিয়ে আলোচনা করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ডকুমেন্টেশন অফিসার আব্দুল কাদির মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহ ও প্রামাণ্য দলিল তৈরির কলাকৌশল নিয়ে বিশদ আলোচনা করেন। রিসার্চ অফিসার আবু সাহাদাত সায়েম ইউডিএইচআর, আইসিসিপিআর ও আইসিইএসসি-আর বিষয়ক আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিসমূহ নিয়ে বিশ্লেষণমূলক বক্তব্য দেন। ডিরেক্টর ইজাজুল ইসলাম বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, তরুণদের করণীয়, ফ্যাক্ট ফাইন্ডিং ও তদন্তের কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া, কর্মশালায় বক্তারা তরুণ মানবাধিকারকর্মীদের সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে মতবিনিময় করেন। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের স্থানীয় পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির সক্ষমতা অর্জনের বিষয়ে প্রশিক্ষিত করা হয়।
২০১৪ সাল থেকে এইচআরএসএস বাংলাদেশে সিভিল ও পলিটিক্যাল রাইটস নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে Protect Human Rights, Serve the Humanity অর্থাৎ মানবাধিকার রক্ষা এবং মানবজাতির সেবা।
সংগঠনটি বিভাগভিত্তিক তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে একটি শক্তিশালী স্থানীয় মানবাধিকার পর্যবেক্ষক দল গঠন করছে, যারা স্থানীয় পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের প্রতিকারে ভূমিকা রাখবে এবং প্রয়োজনে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে।