বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নার্স দিবস পালিত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে পালিত হলো বিশ্ব নার্স দিবস। আজ সোমবার (১২ মে) সকালে বিএমইউ ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। র্যালিটি ‘নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি’ স্লোগানে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন প্রমুখ র্যালিতে অংশ নেন।
এতে আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, গ্রাজুয়েট নার্সিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের নার্সরা।
উল্লেখ্য, নার্সদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে প্রতি বছর ১২ই মে পালিত হয় বিশ্ব নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন হওয়ায় দিনটিকে নার্স দিবস হিসেবে ১৯৬৫ সালে চালু করে আন্তর্জাতিক নার্স পরিষদ (ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস বা আইসিএন)।
এরপর থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট থিমের মাধ্যমে নার্সদের পেশাগত অবদান, তাদের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা ও সচেতনতা সৃষ্টি করা হয়। বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, নার্সিং ইনস্টিটিউশন ও স্বাস্থ্য সংগঠন এই দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, যার মধ্যে থাকে সেমিনার, প্রশিক্ষণ, পুরস্কার প্রদান ও ধন্যবাদ জ্ঞাপনের মতো কার্যক্রম।
এমআই/এনএআর/
-
৩০ মে, ২০২৫