এফসিপিএস: বিভিন্ন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) জুলাই-২০২৫ এর এফসিপিএস বিভিন্ন পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ মে পর্যন্ত।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিসিপিএস সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘জুলাই ২০২৫ অনুষ্ঠেয় এফসিপিএস পার্ট-১, এফসিপিএস মিড-টার্ম, এফসিপিএস প্রিলিমিনারি, এফসিপিএস (ফাইনাল) এবং এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন এবং পরীক্ষা ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করতে বিসিপিএসের নিজস্ব ওয়েবসাইটে (www.exams.bcpsbd.org) দেওয়া অনলাইন ফর্ম পূরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইন আবেদন বাধ্যতামূলক।’
এতে আরও বলা হয়েছে, ‘এফসিপিএস পার্ট-১-এর নতুন প্রার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষা ফি ১১ হাজার টাকা, পুরাতনদের ১০ হাজার টাকা। এফসিপিএস পার্ট-১ (অতিরিক্ত বিষয় এবং বিষয় পরিবর্তন) প্রার্থীদের জন্য ১১ হাজার টাকা। প্রিলিমিনারি এফসিপিএসের নতুন প্রার্থীদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা এবং পুরনোদের জন্য ১২ হাজার টাকা। এফসিপিএস মিডটার্মের (যারা পাঁচ বছরের কম ফেলোশিপ করেছেন এবং জানুয়ারি ২০২০ এ এফসিপিএস পার্ট-১ শেষ করেছেন কিংবা পরে এফসিপিএস পার্ট-১ শেষ করবেন) নতুন প্রার্থীদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা এবং পুরনোদের জন্য ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এফসিপিএস ফাইনালের নতুন প্রার্থীদের জন্য ১৫ হাজার টাকা এবং পুরনোদের জন্য ১৩ হাটার ৫০০ টাকা। এমসিপিএস নতুন প্রার্থীদের জন্য ১৫ হাজার টাকা এবং পুরনোদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা। এফসিপিএস ফাইনাল, প্রিলিমিনারি এফসিপিএস ও এফসিপিএসে যারা পূর্বের লিখিত পরীক্ষায় ১৫ গ্রেড অর্জন করেছেন তারা ১২ হাজার টাকায় পরবর্তী দুটি পরীক্ষার রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফিতে অংশ নিতে পারবেন।
এতে ফেলোশিপ প্রোগ্রামের ৬৫টি বিষয়ে এবং মেম্বারশীপ প্রোগ্রামের ১৬টি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই সেশনে একাধিক পরীক্ষার জন্য আবেদন করা যাবে না।
প্রার্থীরা ডিজিটাল পদ্ধতিতে ডেবিট/ক্রেডিট কার্ডের (ভিসা, মাস্টারকার্ড, ইউনিয়ন পে, নেক্সাস, অ্যামেক্স) বা ইন্টারনেট ব্যাংকিং (সিটি টাচ, এবি ডিরেক্ট, ব্যাংক এশিয়া, এমটিবি ইন্টারনেট ব্যাংকিং, ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং) বা ওয়ালেট (আই-পে, ডি-মানি) বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ, মাইক্যাশ, টি-ক্যাশ, শিওর ক্যাশ, ইউ-পে) মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুরাতন প্রার্থীদের জন্য সংশোধনী ফি ৫০০ টাকা ২৭ মে ২০২৫ পর্যন্ত। দেরিতে জমা দিলে ৫০০ টাকা জরিমানা সহ ২৫ মে ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে। প্রবেশপত্র ২০ জুন থেকে অনলাইনে পাওয়া যাবে।
এমআই/