২৪ মার্চ, ২০২৫ ০২:২৬ পিএম

মাঠেই দুইবার হার্ট অ্যাটাক তামিমের, পরানো হয়েছে রিং

মাঠেই দুইবার হার্ট অ্যাটাক তামিমের, পরানো হয়েছে রিং
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার সাভারে বিকেএসপির মাঠে মোহামেডানের হয়ে খেলার অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্য সাবেক হওয়া ক্রিকেটার তামিম ইকবাল। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানা গেছে।

আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল-ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

তিনি বলেন, তামিম ইকবাল একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরিভিত্তিতে সেখানে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে। 

তিনি বলেন, প্রথমে হাসপাতালে আসার পর তিনি (তামিম) কিছুটা সুস্থ হয়ে ছেড়ে চলে যান, কিন্তু পরে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে পুনরায় ভর্তি হন। তাকে ১৫ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়। তিনি তখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং বর্তমানে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন।

বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতাল শাখার পরিচালক আরও বলেন, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তার (তামিম) অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে, তবে তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এছাড়া আজ সকালে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ম্যাচ খেলতে বিকেএসপি তিন নাম্বার মাঠে ছিলেন তামিম ইকবাল। টস হওয়ার পরেই কিছুটা অস্বস্তি অনুভব করেন তিনি। এরপর পরিস্থিতি খানিক অবনতি হলে তাকে ঢাকায় আনার উদ্দেশে হেলিকপ্টার নেওয়া হয়। যদিও জাতীয় দলের সাবেক এই অধিনায়কের হেলিকপ্টারে ঢাকায় আসার মতো পরিস্থিতি ছিল না।

পরবর্তীতে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই এখন পর্যন্ত তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেই তাকে ঢাকায় আনার কথা রয়েছে।

এদিকে তামিম ইকবালের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে এক পোস্টে বলা হয়েছে, ‘সকালে টসের পর তামিম হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।’

এতে আরও বলা হয়, ‘এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।’

অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে দেওয়া পোস্টটিতে আরও বলা হয়, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে, যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।’

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : হার্ট অ্যাটাক
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক