শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে বাসায় ফিরেছেন
মেডিভয়েস রিপোর্ট: সেনাবাহিনীর হস্তক্ষেপে বাসায় ফিরে গেছেন বিএসএমএমইউতে ছাত্র-জনতার হাতে অবরুদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত।
আজ রোববার (১৬ মার্চ) দুপুর ২টায় তিনি বাসায় ফিরতে সক্ষম হন বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র মেডিভয়েসকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ছাত্রদল শাহবাগ শাখার নেতাকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে সকাল থেকে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএসএমএমইউতে আসেন। পরে সেনাবাহিনী বাহিনীও ঘটনাস্থলে আসে। দুপুর ২টা নাগাদ তাকে সেখানে থেকে উদ্ধার করে সেনা বাহিনী।
এর আগে সকালে বিএসএমএমইউতে আসেন বিশ্ববিদ্যালয়ের রেজিওলজি এন্ড ইমিজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অনিন্দিতা দত্ত। খবর পেয়ে সাতটার দিকে ক্যান্সার ভবনের একটি কক্ষে তাকে অবরুদ্ধ করেন শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে যোগ দেয় ছাত্র-জনতা।
জানা গেছে, কুমিল্লায় ছাত্রজনতার আন্দোলন দমাতে অগ্রণী ভূমিকা রাখেন অনিন্দিতা দত্ত। তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে।
শাহবাগ থানার ছাত্রদল নেতা মো. রুবেল গণমাধ্যমকে বলেন, ‘ডা. অনিন্দিতা দত্ত কয়েক দিন ধরে অফিস করছেন। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে এখানে এসে আমরা এর সত্যতা পেয়েছি। উনার সঙ্গে কথা হয়েছে। উনি বলছেন, আমাদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করবেন। কিন্তু আমাদের সঙ্গে মীমাংসার কিছু নেই। বিষয়টি বাদী দেখবেন।’
এমইউ/