০৩ মার্চ, ২০২৫ ০৫:৪৬ পিএম

বিএসএমএমইউতে বাড়লো চিকিৎসা ব্যয়, বেড়েছে সিন্ডিকেট ও অর্থ কমিটির সম্মানি

বিএসএমএমইউতে বাড়লো চিকিৎসা ব্যয়, বেড়েছে সিন্ডিকেট ও অর্থ কমিটির সম্মানি
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কিডনি রোগীদের ডায়ালাইসিস ফি বাড়ানো হয়েছে ৩০ শতাংশ, পেডিয়াট্রিক নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের (পিএনআইসিইউ) ফি বাড়ানো হয়েছে ৪০ শতাংশ এবং ফিজিওথেরাপি নিতে ইউনিটপ্রতি অতিরিক্ত গুনতে হবে ১৫ থেকে ২০ শতাংশ টাকা। একই সঙ্গে বাড়ানো হয়েছে সিন্ডিকেট এবং অর্থ কমিটির সভাপতি ও সদস্যদের সম্মানি ভাতা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব অনুমোদন করা হয়।

জানা গেছে, মূল্য বৃদ্ধির আগে একবার ডায়ালাইসিস করতে দিতে হতো দুই হাজার ৭০০ টাকা। সেটি বাড়িয়ে করা হয়েছে তিন হাজার ৫০০ টাকা। অর্থাৎ কিডনি রোগীদের ডায়ালাইসিস করাতে আগের চেয়ে ৩০ শতাংশ বেশি টাকা গুনতে হবে। পাশাপাশি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ফিজিওথেরাপি নিতে ইউনিটপ্রতি অতিরিক্ত গুনতে হবে ১৫ থেকে ২০ শতাংশ টাকা। এমনকি পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (পিএনআইসিইউ) বিছানা চার্জ প্রতিদিন দুই হাজার ১০০ টাকা নির্ধারণের সুপারিশ অনুমোদন করা হয়। এতদিন এই সেবা পাওয়া যেত মাত্র দেড় হাজার টাকায়। অর্থাৎ নবজাতক সেবামূল্য বাড়ানো হয়েছে ৪০ শতাংশ।

পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন ব্যয় বাড়ানো প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, ডলারের মূল্যবৃদ্ধির কারণে ডায়ালাইসিসহ অন্যান্য চিকিৎসাসেবার রি-এজেন্টের দাম বেড়েছে। এতে কিছুটা সেবামূল্য বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সেবার এই মূল্যবৃদ্ধিকে সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।

জানা গেছে, সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং অর্থ কমিটির সভাপতি ও সদস্যদের সম্মানি ভাতা বাড়ানোর সুপারিশ অনুমোদন করা হয়েছে। সিন্ডিকেট কমিটির সভাপতির ভাতা আয়কর ও রাজস্ব টিকিট ছাড়া ১০ হাজার এবং সদস্যদের ভাতা আট হাজার টাকা, যা আগে ছিল যথাক্রমে সাত হাজার ও ছয় হাজার টাকা।

অন্যদিকে, অর্থ কমিটির সভাপতির সম্মানি ভাতা আট হাজার এবং সদস্যদের ভাতা ছয় হাজার টাকা নির্ধারণের সুপারিশ অনুমোদন করা হয়, যা আগে ছিল যথাক্রমে ছয় হাজার ও পাঁচ হাজার টাকা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইনস্টিটিউট এবং নার্সিং কলেজের বিভিন্ন কোর্সের বিষয় পরিদর্শন খরচ অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক