‘বিশ্বে প্রতিদিন ৩-৪% ত্রুটিযুক্ত শিশুর জন্ম’
মেডিভয়েস রিপোর্ট: সারা বিশ্বে প্রতিদিন ৩-৪ শতাংশ শিশু কোন না কোন জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে। প্রায় তিন লাখ নবাগত শিশু এই কারণে মারা যায়। জন্মগত ত্রুটির কারণে নানা সীমাবদ্ধতায় পিছিয়ে পড়ার কারণে সামাজিক অবহেলার শিকার হন এসব শিশু।
বিশ্ব জন্মগত ত্রুটি দিবস উপলক্ষে আজ সোমবার (৩ মার্চ) দুপুর ১২টায় নিউ লাইফ হসপিটালে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইফতেখার হোসাইনের সভাপতিত্বে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন স্মাইল ট্রেন নিউ লাইফ হাসপাতাল ক্লেফট প্রজেক্টের ডিরেক্টর অধ্যাপক ডা. বি কে দাস।
তিনি বলেন, সারা বিশ্বে প্রতিদিন শতকরা ৩-৪টি শিশু কোন না কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে। প্রায় তিন লাখ নবাগত শিশু এই কারণে মারা যায়। জন্মগত ত্রুটির কারণে দেখতে অসুন্দর, চলাফেরায় অসুবিধা, খাওয়া-দাওয়ায় অসুবিধা, লেখাপড়ায় অসুবিধা, সামাজিক অবহেলা ও অর্থনৈতিক সমস্যাসহ নানা সমস্যা হয়।
অধ্যাপক বি কে দাস বলেন, অপরিকল্পিত গর্ভধারণ, গর্ভাবস্থায় অপুষ্টি, রোগ, ফলিক এসিডসহ মায়ের বিভিন্ন ভিটামিনের অভাব, মদ-তামাক ইত্যাদি বদ অভ্যাস, তেজস্ক্রিয়তা, বাবা বা মায়ের বংশজনিত, নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে ইত্যাদি নানা কারণে জন্মগত ত্রুটি হতে পারে। তবে অধিকাংশ ত্রুটির কোনো কারণ জানা নেই।
জন্মগত ত্রুটি নিয়ে সমাজে প্রচলিত নানা কুসংস্কারের কথা তুলে ধরে তিনি বলেন, চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ, গর্ভাবস্থায় মাছ মাংস কাটা, কারও অভিশাপ ইত্যাদি কোনো কিছুই জন্মগত ত্রুটির জন্য দায়ী নয়।
‘আমাদের সচেতনতাই জন্মগত ত্রুটি অনেকাংশে প্রতিরোধ করতে পারে। জন্মগত ত্রুটিযুক্ত শিশুর তাড়াতাড়ি চিকিৎসা নিশ্চিত করা গেলে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। জন্মগত ত্রুটিযুক্ত শিশু নিজের বোঝা, পরিবারের বোঝা, অর্থনীতির বোঝা, তথা সমাজ বা রাষ্ট্রের বোঝা’—যোগ করেন প্লাস্টিক সার্জন।
সভায় প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ শিশু সার্জারি সমিতির সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম আকাশ জন্মগত ত্রুটি নিরোধে সবাইকে সচেতন হওয়া পরামর্শ দেন। তিনি জন্মগত ত্রুটি দেখলেই কোনো রকম কালক্ষেপণ না করে নিকটস্থ শিশু সার্জনের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জন্মগত ত্রুটিযুক্ত শিশুদের তালিকাভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
স্মাইল ট্রেন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম মোবাশ্বের হোসেন বলেন, জন্মগত কাটা ঠোঁট ও ফাটা তালু অন্যতম জন্মগত ত্রুটি। বাংলাদেশে প্রতি ৫০০ শিশুর একটি এই সমস্যা নিয়ে জন্ম নিচ্ছে। সে হিসাবে প্রতি বছর প্রায় ৫০০০-৬০০০ শিশু জন্ম নিচ্ছে।
এমইউ/