ঘুমের ওষুধ বিক্রি: প্রেসক্রিপশন চাওয়ায় ফার্মেসিতে হামলা
মেডিভয়েস রিপোর্ট: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় দোকানে (ফার্মেসি) হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে ঘটনার পর থেকে মধুপুরের সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন ব্যবসায়ীরা। একই সঙ্গে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন মধুপুর শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কয়েকজন যুবক ময়মনসিংহ রোডের সোহাগ ফার্মেসিতে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া ঘুমের ওষুধ কিনতে আসেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ দিতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পৌর শহরের সওদাগর পাড়ার নাদিমের নেতৃত্ব ২০-২৫ জন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে ফার্মেসিতে হামলা করে। দোকানের মালিক ফজলুলকে মারধরসহ দোকান ভাঙচুর ও লুটপাট চালায় তারা।
মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম মেডিভয়েসকে বলেন, ‘এ ঘটনায় অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়েছে ১৫-২০ জনকে। আমরা ইতিমধ্যে দুইজন আসামিকে গ্রেফতার করেছি। ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দোকানপাট খোলার অনুরোধ জানানো হয়েছে।’
এসএইচবি/এনএআর/