রিট বাতিলসহ ম্যাটস ও মানহীন মেডিকেল বন্ধের দাবি ডিএমজের
মেডিভয়েস রিপোর্ট: ৭২ ঘণ্টার মধ্যে ডাক্তার পদবী সংক্রান্ত রিট বাতিলের দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। একই সাথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও মানহীন মেডিকেল কলেজ বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ভবিষ্যতে স্বাস্থ্যখাতের কাণ্ডারী জুনিয়ররা। তাই আগামীর স্বাস্থ্যখাত সুরক্ষায় আমাদের সকল মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন, মেডিকেল অফিসার, পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী এবং আমাদের অভিভাবকতুল্য সিনিয়রদের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরা হচ্ছে ডিএমজের মাধ্যমে।’
ডিএমজের পাঁচ দফা দাবি
১. এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত কেউ ‘ডাক্তার’ পদবী লিখতে পারবে না, এই আইনের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে।
একই সাথে, ২০১০ সাল থেকে হাসিনা সরকার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) থেকে উত্তীর্ণদের বিএমডিসি রেজিস্ট্রেশন দেওয়া শুরু করে, এটি অবিলম্বে বন্ধ করতে হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগের (চিকিৎসকের প্রেসক্রিপশন বা পরামর্শের প্রয়োজন হয় না এমন ওষুধ) তালিকা হালনাগাদ করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি তালিকার বাইরে ওষুধ প্রেস্ক্রাইব করতে পারবে না।
এ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি তালিকার বাইরে কোন ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে এবং আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে।
ডিএমজের তৃতীয় দফা দাবির মধ্যে আরও বলা হয়, প্রতিবছর চার-পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে এবং বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করতে হবে।
৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হবে। ইতোমধ্যে পাশ করা ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবী রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুনভাবে ম্যাটসে ভর্তি বন্ধ করতে হবে এবং ম্যাটস স্টুডেন্টদেরকে প্যারামেডিক্সে প্রবেশ দিয়ে সম্পূর্ণ ভাবে ম্যাটস বন্ধ করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
এনএআর/
-
১১ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশ
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
১৪ ডিসেম্বর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪