০৪ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:১৮ পিএম

ক্যান্সারে সন্তানহারা চিকিৎসক দম্পত্তি প্রতিষ্ঠা করলেন ক্যান্সার ফাউন্ডেশন

ক্যান্সারে সন্তানহারা চিকিৎসক দম্পত্তি প্রতিষ্ঠা করলেন ক্যান্সার ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: 

ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব হিসেবে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে মতবিনিময় সভার আয়োজন করেছে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন।

‘বিশ্ব ক্যান্সার দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সেগুনবাগিচাস্থ সেগুন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নওফেল ইসলাম বলেন, ‘ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব হিসেবে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়েই এ প্রতিষ্ঠানের পথচলা। গত বছর প্রতিষ্ঠানটি এক হাজার ৪২০ জন রোগীকে দীর্ঘ মেয়াদে চিকিৎসা সেবা প্রদান করেছে।’

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটি হাসপাতালে থাকার মতো করে একটি ক্যান্সার হোম পরিচালনা করছে। সেখানে রোগীদের থাকা, নিজস্ব এ্যাম্বুলেন্সে ব্যবস্থা, কাউন্সিলিং, নিয়মিত নার্স ও চিকিৎসকের মাধ্যমে ফলো-আপ, নাস্তা, তিন বেলা নিয়ম মাফিক খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে থাকে।’

নিজ সন্তানের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর দিয়ে অধ্যাপক নওফেল আরও বলেন, ‘সন্তানের চিকিৎসা জন্য জমাকৃত তহবিলের অব্যবহৃত অর্থ (ব্যাংকে রাখা এফডিআরকৃত অর্থের লভ্যাংশ), সদস্যদের চাঁদা ও অনুদান এবং যাকাত থেকে পাওয়া অর্থ ক্যান্সার রোগীদের সুস্থতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যয় হয়।’

সভায় বক্তারা বিশেষভাবে ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচী হাতে নেয়া, ক্যান্সার রোগীদের মানবিক মূল্যবোধ থেকে মূল্যায়ন করা, ক্যান্সার চিকিৎসাকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করা ও ক্যান্সার রোগীদের জন্য প্রতিষ্ঠান সমূহে বিশেষ সুবিধার ব্যবস্থা করা,যাতায়াত যেমন, বাসভাড়া, ট্রেন ভাড়া, বিমান ভাড়া ইত্যাদিতে ৭৫ শতাংশ ছাড় দিয়ে ২৫ শতাংশ ভাড়া নির্ধারণ করার ওপরে গুরুত্বারোপ করেন। 

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে বিভাগীয় ক্যান্সার হাসপাতালসমূহ বাস্তবায়ন করা। জাতীয় ক্যান্সার হাসপাতালসহ সমুদয় ক্যান্সার চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠানের জনবল, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা ও ক্যান্সার নির্ণায়ক কেমিক্যাল রি-এজেন্টস্ ও রেডিওথেরাপী মেশিন, ঔষধ ইত্যাদির উপর সরকারী শুল্ক প্রত্যাহার করা। ক্যান্সার চিকিৎসাকে বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে আসা এবং ক্যান্সার রোগী নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপরে গুরুত্বারোপ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও ‘সায়েবাস মেথডের’ আবিষ্কারক অধ্যাপক ডা. সায়েবা আক্তার বলেন, ‘মামস ইনস্টিটিউট বিনা মূল্যে ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আমাদের দেশে অনেকগুলো ক্যান্সার হাসপাতাল আছে। কিন্তু একটাতেও রেডিওলজি মেশিন ভালো নেই, সবখানে সিন্ডিকেট।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, গাইনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেগম রোকেয়া আনোয়ার, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আবদুস সালাম প্রমুখ। 

সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ইনসাফ বারাকা অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।

এচএইচবি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিশ্ব ক্যান্সার দিবস
  এই বিভাগের সর্বাধিক পঠিত