‘বিএমইউতে ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠা সময়ের দাবি’
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) একটি পূর্ণাঙ্গ ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠা সময়ের দাবি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আবুল কালাম আজাদ। তাঁরা ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে অঙ্গীকার করেন।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের আয়োজিত সচেতনতামূলক র্যালি শেষে তাঁরা এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ র্যালির উদ্বোধন করেন অধ্যাপক শাহিনুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আবুল কালাম আজাদ।
এ ছাড়া বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘ইউনাইটেড বাই ইউনিক – স্বকীয়তায় ঐক্যবদ্ধ’।
র্যালি শেষে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) সিস্টেম ও ক্যান্সার রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।
একই সঙ্গে ক্যান্সার রোগী ও কেয়ারগিভারদের জন্য একটি সমন্বিত রোগী শিক্ষা ও সচেতনতা কর্মসূচি চালু করা হয়, যা দেশে এ ধরনের প্রথম উদ্যোগ বলে জানানো হয়।
বক্তারা বলেন, ক্যান্সার মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সেবা, সঠিক তথ্য এবং রোগীকেন্দ্রিক সহায়তা ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টিআই/