ডা. সুষমা রেজা শ্রীলঙ্কায় প্রশিক্ষণকালে অসুস্থ, আইসিইউতে ভর্তি
মেডিভয়েস রিপোর্ট: বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডা. সুষমা রেজা গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। শ্রীলঙ্কায় একটি প্রশিক্ষণ চলাকালীন গত সপ্তাহের শুরুর দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থতার সর্বশেষ খবর জানিয়ে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তাঁর স্বামী ডা. কুশল সামাজিক মাধ্যমে লেখেন, ‘ইনশাআল্লাহ, তিনি এই সংকট কাটিয়ে উঠবেন। আপনাদের দোয়ায় গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার অভাবনীয় উন্নতি হয়েছে। এমন উন্নতিতে চিকিৎসকরাও অবাক হয়েছেন।’
আগামী পাঁচ থেকে সাত দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে জানিয়ে তিনি বলেন, ডা. সুষমার অবস্থা এখনও গুরুতর। তবে তিনি সুস্থ হয়ে উঠবেন, যা মাত্র দুই দিন আগেও প্রায় অসম্ভব মনে হচ্ছিল। আমি গভীর কৃতজ্ঞ, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না।’
চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানিয়েছেন, ডা. সুষমা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তার জ্ঞান ফিরেছে এবং সাড়া দিচ্ছেন। পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও সময় প্রয়োজন।
গত চার ফেব্রুয়ারি ডা. কুশাল বলেন, ‘ডা. সুষমা সবসময়ই একজন যোদ্ধা। আল্লাহর ইচ্ছায়, ইনশাআল্লাহ তিনি আবার আমাদের কাছে ফিরে আসবেন। সবার পক্ষ থেকে যে বিপুল ভালোবাসা, সহানুভূতি ও খোঁজ-খবর পেয়েছি, তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’
‘সব ফোন কল ও বার্তার জবাব দেওয়া বা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে জেনে রাখবেন—প্রতিটি বার্তা, প্রতিটি শুভকামনা আমাদের কাছে পৌঁছেছে এবং আমরা তা হৃদয় দিয়ে অনুভব করেছি। গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে আপনাদের সবাইকে আমরা হৃদয়ে ধারণ করি’—যোগ করেন তিনি।
জানা গেছে, একটি প্রশিক্ষণে অংশ নিতে সম্প্রতি শ্রীলঙ্কা যান ডা. সুষমা রেজা। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় জনপ্রিয় এই ডার্মাটোলজিস্টকে দ্রুত হসপিটালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
ডা. সুষমার আশু ও পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে বাংলাদেশ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে এমডি করেন।
এমইউ/