০৪ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:১৭ পিএম
বিশ্ব ক্যান্সার দিবস পালনে নানা কর্মসূচি

দেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্ত ১০৬, বিএসএমএমইউর গবেষণা

দেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্ত ১০৬, বিএসএমএমইউর গবেষণা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর বিশ্বব্যাপী পালন করা হয় এই দিনটি। সারা বিশ্বে এই রোগের থাবা রয়েছে। উন্নত-আধুনিক দেশ থেকে পিছিয়েপড়া কোনো দেশই এর বাইরে নয়।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আজ (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠন সচেতনতামূলক সেমিনার, র‌্যালি ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে।

২০২৫ সালে দিবসটির প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক’ অর্থাৎ ‘স্বকীয়তার মাধ্যমে ঐক্যবদ্ধ হই ’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তথ্য মতে, রোগের মধ্যে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যান্সার। প্রতিবছর এতে মারা যায় প্রায় এক কোটি মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা এবং সুষ্ঠু জীবনযাত্রা দিয়ে একটি বড় অংশের ক্ষেত্রে ঠেকিয়ে রাখা যায় এ মারণব্যাধি। তাই ক্যান্সার নিয়ে আশঙ্কার বদলে সচেতনতার প্রসার বেশি জরুরি। আর সেই কারণেই প্রতি বছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস।

চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার স্বল্প সময়ে ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যান্সার ছড়িয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে।

সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে একটি গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে বর্তমানে প্রতি লাখে ক্যান্সারের আক্রান্ত রোগীর সংখ্যা ১০৬ জন। এ ছাড়াও প্রতি বছর নতুন করে ক্যান্সার আক্রান্ত হচ্ছেন ৫৩ জন। মোট মৃত্যুর ১২ শতাংশই ক্যান্সারের রোগী। দেশে থাকা ৩৮ ধরনের ক্যান্সারের মধ্যে স্তন, মুখ, পাকস্থলী, শ্বাসনালি এবং জরায়ু মুখের ক্যান্সার রোগীর সংখ্যাই বেশি। আক্রান্তদের মধ্যে ৯৩ শতাংশ রোগীর বয়স ১৮ থেকে ৭৫ বছর। ক্যান্সার রোগীদের মধ্যে ২ দশমিক ৪ শতাংশ শিশু এবং ৫ দশমিক ১ শতাংশ রোগীর বয়স ৭৫ বছরের বেশি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ১ কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা পেলে ক্যান্সার নিরাময় সম্ভব।

বিশেষজ্ঞরা ক্যান্সারে আক্রান্ত হয়ার কারণ হিসেবে দেখছেন পান-জর্দা-তামাকপাতা খাওয়া, সবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার কম খাওয়া, শারীরিক ব্যয়াম না করা, শারীরিক স্থূলতা বা বেশি ওজন, আলট্রাভায়োলেট রশ্মি, এক্স-রে রেডিয়েশন, কিছু রাসায়নিক পদার্থ, কিছু ভাইরাস বা অন্যান্য জীবাণু অন্যতম। তাই জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনে এই রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ ছাড়াও, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সার নিয়ে ভয় নয়, সচেতনতাই পারে এই রোগ মোকাবিলায় সফলতা এনে দিতে। ক্যান্সার দিবসে সবাইকে এ রোগ সম্পর্কে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এমআই/টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিশ্ব ক্যান্সার দিবস
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক