সৌদিগামীদের মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করলো স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: সৌদি আরবগামী ওমরাহ বা ভ্রমণ ভিসাধারীদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২৭ জানুয়ারি) অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, বাংলাদেশ দূতাবাস, সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি হতে যে সকল যাত্রী উমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে উমরাহ অথবা যিয়ারাহ করবেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে।
যাত্রীদেরকে যাত্রার তারিখ হতে কমপেক্ষ ১০ দিন পূর্বে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে উক্ত ভ্যাকসিন প্রয়োজন নাই।
মেনিনজাটিস প্রতিরোধক দুই ধরনের টিকার তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, মেনিঙ্গোকোকাল কোয়াড্রিভ্যালেন্ট (এসিওয়াইডব্লিউ-১৩৫) পলিস্যাকারাইড ভ্যাকসিন গ্রহণ করলে ৩ বছর এবং মেনিঙ্গোকোকাল কোয়াড্রিভ্যালেন্ট (এসিওয়াইডব্লিউ-১৩৫) কনজুগেটেড ভ্যাকসিন গ্রহণ করলে ৫ বছর পর্যন্ত ভ্যাকসিন সনদটি কার্যকর থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ওমরাহ ও ভিজিট ভিসায় গমনকারী যাত্রীগণ নিজস্ব অর্থায়নে টিকা সংগ্রহ পূর্বক নিম্নবর্ণিত নির্ধারিত সরকারি প্রতিষ্ঠান হতে ভ্যাকসিন গ্রহণ পূর্বক সনদ গ্রহণ করবেন। হজ যাত্রীদের ন্যায় উমরাহ ও ভিজিট ভিসায় যাত্রীদের ভ্যাকসিন সনদ প্রদান এবং উক্ত ভ্যাকসিনের সনদ ডিজিটালভাবে এমআইএসের ভ্যাক্স ইপিআই সিস্টেমে আপলোড করতে হবে।
তবে সৌদি আরবের ওয়ার্ক ভিসার গমনেচ্ছু যাত্রীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।
এমতাবস্থায় উমরাহ ও ভিজিট ভিসায় সৌদি আরব গমনকারী যাত্রীদের মেনিনজাইটিস টিকা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের (মস্তিষ্কের প্রদাহ) টিকা বাধ্যতামূলক করে নির্দেশনা প্রদান করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যা আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে গত ২০ জানুয়ারি বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে এ সংক্রান্ত একটি চিঠি দেন।
চিঠিতে বলা হয়েছে, যারা ওমরা বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব ভ্রমণে যাবেন, তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।
এমইউ/
-
০৭ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৭ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫