২৫ জানুয়ারী, ২০২৫ ০৪:৩০ পিএম

স্বাস্থ্য ক্যাডারে সাত হাজার ৫৪৭ সুপার নিউমেরারি পদ সৃজনের উদ্যোগ

স্বাস্থ্য ক্যাডারে সাত হাজার ৫৪৭ সুপার নিউমেরারি পদ সৃজনের উদ্যোগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত চিকিৎসকদের পদোন্নতি প্রদানের লক্ষ্যে নতুন করে সাত হাজার ৫৪৭টি সুপার নিউমেরারি পদ সৃষ্টি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে সহকারী অধ্যাপক পাঁচ হাজার ৩৯টি, সহযোগী অধ্যাপক এক হাজার ৬৭৮টি এবং অধ্যাপক পদ রয়েছে ৮৩০টি।

গত ৯ জানুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সকল নাগরিকের মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, এই দায়িত্ব নিশ্চিত হয়ে থাকে পর্যাপ্ত সংখ্যক দক্ষ, প্রশিক্ষিত ও বিশেষায়িত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্য জনশক্তির সম্মিলিত প্রয়াসে। ১৭ কোটি মানুষের সার্বজনিন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-২০২৩) স্বাস্থ্য সূচকসমূহ অর্জন, চিকিৎসা শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন।

এতে আরো বলা হয়, দেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও ১৮টি বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠানসহ ৫৬টি প্রতিষ্ঠানে চিকিৎসা শিক্ষা ও সেবা প্রদান করা হয়ে থাকে। প্রয়োজনীয় সংখ্যক সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের সংকটের কারণে মানসম্মত ও গুণগত চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাছাড়া এই তিনটি পদের কর্মকর্তারা চিকিৎসা শিক্ষার পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের ক্লিনিক্যাল পাঠদান করে থাকেন, যা চিকিৎসা শিক্ষার প্রাণ।

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বর্তমান ২৮ হাজার ৬৬৪ জন চিকিৎসক কর্মরত রয়েছেন উল্লেখ করে এতে বলা হয়, কিছু বিষয়ে পদোন্নতির সুযোগ তুলনামূলক সন্তোষজনক হলেও অধিকাংশ বিষয়ে পদ সৃজন না হওয়ায় পদোন্নতির সুযোগ অপ্রতুল। স্বাস্থ্য ক্যাডারে বিপুল সংখ্যক উচ্চতর বিশেষায়িত ডিগ্রিধারী থাকা সত্ত্বেও এসব মেধাবী চিকিৎসকদের অনেককেই মেডিকেল অফিসার হিসেবে অবসরে যেতে হচ্ছে। পদোন্নতির সুযোগ না পাওয়ায় মেধাবী এসব বিশেষজ্ঞ চিকিৎসকদের সামাজিক ও মানসিক হতাশা এবং বঞ্চনার ফলে কর্মস্পৃহা হ্রাস পাচ্ছে। ফলে চিকিৎসা শিক্ষা এবং স্বাস্থ্য সেবা প্রক্রিয়া ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

‘স্বাস্থ্য ক্যাডার ও সার্ভিসের ৩৭ হাজার ৭৭৩ জন চিকিৎসকের বিপরীতে সহকারী অধ্যাপকের পদ ৩ হাজার ৩৮টি, সহযোগী অধ্যাপকের পদ এক হাজার ৯৬০টি এবং অধ্যাপকের পদ রয়েছে এক হাজার ৫৯টি’উল্লেখ করা হয় চিঠিতে।

এতে আরও বলা হয, বিগত বছরগুলোতে প্রায় ২০টি নতুন মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হলেও তাতে পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন করা হয়নি। অন্যান্য বিসিএস ক্যাডারের কর্মকর্তারা নির্ধারিত সময়ে পদোন্নতি পেলেও স্বাস্থ্য ক্যাডারের উচ্চতর বিশেষায়িত ডিগ্রিধারী কর্মকর্তারা পদোন্নতির সকল শর্ত পুরণ সত্ত্বেও বঞ্চনার শিকার হচ্ছেন।

পদের অভাবে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দীর্ঘদিন বিলম্বিত হওয়ায় ইতোমধ্যে পাঁচ হাজার সহকারী অধ্যাপক, এক হাজার ৬৭৮ জন সহযোগী অধ্যাপক এবং ৮৩০ জন অধ্যাপকসহ  মোট সাত হাজার ৫৪৭ জন চিকিৎসকের বেতন স্কেল পরবর্তী ধাপে উন্নীত হয়েছে। ফলে তাদের পদোন্নতির ক্ষেত্রে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

এতে আরও বলা হয়, চিকিৎসা শিক্ষার ‍গুণগত মান নিশ্চিতকরণ, বিপুল সংখ্যক রোগীর বিশেষায়িত সেবা প্রদান এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ক্লিনিক্যাল সেবা নিশ্চিতকরণ ও পদোন্নতি বঞ্চিত বিপুল সংখ্যক চিকিৎসকের পদোন্নতি নিশ্চিতকরণ, তাঁদের সামাজিক ও পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং মানসিক ও পদোন্নতি বঞ্চনা নিরসনে সুপারনিউমেরারি পদ সৃজন করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে।

চিঠিতে বলা হয়, এমতাবস্থায় চিকিৎসা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিপুল সংখ্যক রোগীর বিশেষায়িত ও ক্লিনিক্যাল সেবা নিশ্চিতকরণ, বিশেষজ্ঞ চিকিৎসকদের হতাশা দূর করে কর্মস্পৃহা এবং সামাজিক ও পেশাগত মর্যাদা বৃদ্ধিকরণ ও পদোন্নতি বঞ্চনা নিরসনে বিভিন্ন বিষয়ে সংযুক্ত তালিকা মোতাবেক বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মোট সাত হাজার ৫৪৭টি সুপার নিউমেরারি পদ সৃজনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিএস
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক