২৫ জানুয়ারী, ২০২৫ ০২:১৮ পিএম

সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ম্যাটসের প্রশিক্ষণ সাময়িক বন্ধ

সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ম্যাটসের প্রশিক্ষণ সাময়িক বন্ধ

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের প্রশিক্ষণ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যে কোন ধরনের ম্যাটস প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান সাময়িকভাবে বন্ধ করা হলো।

এ ঘোষণা অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয় আদেশে।

এর আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টদের সমস্ত প্রশিক্ষণ কার্যক্রম শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টার মধ্যে বন্ধের আল্টিমেটাম দেন। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন ম্যাটসের প্রশিক্ষণ সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেয় হাসপাতাল প্রশাসন।

সোহরাওয়াদী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের চিকিৎসকদের আল্টিমেটাম ঘোষণা করে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, এই  হাসপাতালে কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ওয়ার্ডে প্রশিক্ষণ নিচ্ছেন। সারাদেশ থেকে ভর্তির জন্য রেফার্ড হয়ে আসা অসংখ্য রোগী প্রতিদিন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই এই রোগীদের চিকিৎসা সেবা সংশ্লিষ্ট কাজে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণার্থীদের হস্তক্ষেপ যে কোনো রোগীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তারা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন, যা এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানে কোনোভাবেই কাম্য নয়।’

স্বাস্থ্যসেবার অন্যতম প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণের জন্য কোনোভাবেই ব্যবহার করা যাবে না উল্লেখ করে এতে আরও বলা হয়, ‘এই ধরনের কার্যক্রম হাসপাতালটির ভাবমূর্তি ক্ষুন্ন করছে। সাধারণ রোগীদের মধ্যে অসন্তোষের জন্ম দিচ্ছে, যা পরবর্তীদের যেকোন অনাকাঙ্খিত ঘটনার সূত্রপাতে ভূমিকা রাখতে পারে।’

বিজ্ঞপ্তিতে মেডিকেল শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা এই হাসপাতাল প্রশাসন ও পরিচালককে কঠোরভাবে জানাচ্ছি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সমস্ত প্রশিক্ষণ কার্যক্রম শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টার মধ্যে বন্ধ করতে হবে। এই সময়সীমার মধ্যে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে শিক্ষার্থীরা।’

রোগীদের নিরাপত্তা ও হাসপাতালের সুনাম রক্ষার জন্য এই বিষয়টির দ্রুত নিষ্পত্তি চেয়েছেন মেডিকেল কলেজ ও হাসপাতালটির চিকিৎসক ও শিক্ষার্থীরা।

►আদেশটি দেখতে ক্লিক করুন 

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত