১৪ জানুয়ারী, ২০২৫ ১১:২৪ এএম

স্বাস্থ্য খাতে সকলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: উপদেষ্টা

স্বাস্থ্য খাতে সকলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য খাতে সমস্যা দূর করার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘আমাদের যে সমস্যাগুলো আছে, তা দূর করতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।’

সোমবার (১৩ জানুয়ারি) সকালে তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্রাটেজি-২০২৪ প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে নূরজাহান বেগম বলেন, ‘আমাদের পরিবারের মতো রাষ্ট্রও একটি পরিবার। একটি পরিবারে যেমন মায়া-মমতা, শৃঙ্খলা, দায়িত্ব, কর্তব্যবোধ আছে, তেমনি একটা রাষ্ট্রের নাগরিকদের সেই বৈশিষ্ট্যগুলো থাকা উচিত। আমরা জনবল সংকটের কথা বলি, কিন্তু জনশক্তির যথাযথ ব্যবহারের কথাও বলা উচিত। এখন চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে নার্স পাওয়া যায় না। রংপুরে যার বাড়ি তার সিলেট অথবা চট্টগ্রামে পদায়ন হলে সে কতদিন সেখানে কাজ করবে? তার ওপর নার্সদের বর্তমানে কোনও ক্যারিয়ার পরিকল্পনা নেই। কাজেই তাদের ক্যারিয়ার, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আমাদের ঠিক করতে হবে। জনবল আমরা পরিবেশন করতে পারবো, কিন্তু তার আগে আমাদের প্রয়োজনটা জানা দরকার।’

জনবল সংকট ও সমাধানে নূরজাহান বেগম বলেন, একটা পরিবারে বাবা যখন যেমন জিজ্ঞেস করে কী কী লাগবে? তেমনি কী কী খাতে কী রকম জনবল লাগবে সেটা নিয়েও আমাদের মূল্যায়ন করতে হবে। মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, আমাদের এনেশথেশিয়ার ডাক্তারের সংকট রয়েছে। এর কারণ কী? এটা ছাত্ররা কম পড়তে চায়, কারণ এতে প্রসার কম। কাজেই এই সমস্যাগুলোর গভীরে গিয়ে আমাদের সমাধান করতে হবে। ম্যানপাওয়ার ডিস্ট্রিবিউশন এবং জনশক্তি তৈরি করা, এগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত। আমরা চেষ্টা করছি, ইনসেন্টিভ বা প্রণোদনা দিয়ে কিছু করা যায় কিনা। আমার ধারণার সঙ্গে আরও অনেক কিছু যোগ করতে হবে। শুধু প্রণোদনা দিয়ে হবে না। এটার জন্য সামাজিক স্বীকৃতিরও প্রয়োজন রয়েছে। স্বীকৃতি এবং সম্মানটা যদি আমরা দিতে পারি, তাহলে ছাত্ররা এটা পড়তে আগ্রহী হবে। এ ছাড়া আমাদের কোথায় কী রকম জনবল লাগবে, গাইনোকোলজিস্ট বেশি লাগবে নাকি ফার্মাসিস্ট বেশি লাগবে, সেটাও আমাদের মূল্যায়ন করতে হবে। একটা পরিবারে যেমন মায়া থাকে, মমতা থাকে, তেমনি জবাবদিহিতাও থাকে। স্বাস্থ্য খাতে সকলের জবাবদিহিতা এবং দায়িত্ববোধও আমাদের নিশ্চিত করতে হবে।’

২৪ এর গণভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতিচারণ করে বলেন, ‘আমাদের এতগুলো বাচ্চা, এতগুলো ছেলে চোখ, হাত, পা হারিয়ে ফেললো- সব তো এই দেশের জন্যই করেছে। দেশের জনগণকে মুক্তির বাতাস নেওয়ার জন্য, বৈষম্যকে দূর করার জন্য তাদের এই অপরিমেয় আত্মত্যাগ। এই চেতনাকে ধরে রেখে সব ধরনের বৈষম্য দূরীকরণে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের স্বাস্থ্য খাতে যে সমস্যাগুলো আছে, তা দূর করতে হলে আমাদের সবাইকে মিলে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্রাটেজি (২০২৪) যুগোপযোগী এবং টাইম বাউন্ড হতে হবে। যাতে কোনটা, কখন, কোথায় অর্জিত হবে সেটা আমরা বিশদভাবে জানতে পারি। এছাড়া আমাদের ডাক্তার, নার্স, টেকনোলজিস্টসহ সবাইকে নিয়ে বিশদ একটা পরিকল্পনা নিতে হবেযাতে ভবিষ্যতের জন্য আমরা এখন থেকেই প্রস্তুত হতে পারি। স্বাস্থ্য খাতে নানা শ্রেণীর জনশক্তি রয়েছে। এরা একে অন্যের পরিপূরক। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োমেডিক্যাল টেকনোলজি ইত্যাদি নানা ধরনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আসছে। সেটার জন্য আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ডব্লিউএইচও’র বাংলাদেশ প্রতিনিধি আহমেদ জামশেদ মোহাম্মদ, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভলাপমেন্ট ডিরেক্টর ডানকান ওভারফিল্ড।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক