১০ জানুয়ারী, ২০২৫ ১০:৪৬ এএম

আহতদের বিদেশে চিকিৎসা ব্যয় পাঠাতে কাগজপত্র চেয়ে হাসপাতালগুলোকে চিঠি

আহতদের বিদেশে চিকিৎসা ব্যয় পাঠাতে কাগজপত্র চেয়ে হাসপাতালগুলোকে চিঠি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে বিদেশে চিকিৎসারতদের চিকিৎসা ব্যয় পাঠাতে বৈদেশিক মুদ্রা স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে হাসপাতালগুলোকে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা স্থানান্তর নির্দেশিকা-২০১৮  অনুযায়ী এসব কাগজপত্র চাওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মো. শাহাদত হোসেন কবির স্বাক্ষরিত চিঠিটি বুধবার (৮ জানুয়ারি) হাসপাতালগুলোতে প্রেরণ করা হয়।

এতে ফরম অ্যাপেন্ডিক্স ৫/৮৩, হাসপাতাল বোর্ডের প্রত্যয়নপত্র, বিদেশি হাসপাতাল কর্তৃক প্রাক্কলন খরচ এবং পাসপোর্ট ও ভিসার ফটোকপি প্রদান করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা প্রদানে বিদেশে চিকিৎসা ব্যয় পাঠানোর লক্ষ্যে বৈদেশিক মুদ্রা স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় কাগজ-পত্রাদি প্রেরণের নির্দেশনা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ব্যাংকের বৈদেশিক মুদ্রা স্থানান্তর নির্দেশিকা-২০১৮ এর ভলিউম-১, অধ্যায়-১২, পারা-২ মোতাবেক প্রতিটি আবেদনের সাথে এসব কাগজপত্র প্রেরণ করা প্রয়োজন।

চিঠিটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল (নিন্স), জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে পাঠানো হয়েছে।

►চিঠিটি দেখতে ক্লিক করুন 

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত