২৫ ডিসেম্বর, ২০২৪ ০৫:২৪ পিএম

হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলা, নিহত ৩

হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে একটি সরকারি হাসপাতালে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার সময় সেখানে মেডিকেল স্টাফ, পুলিশ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেনারেল হাসপাতালটি পুনরায় চালুর ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় হঠাৎ বন্দুকধারীরা হামলা চালায়। নিহতদের মধ্যে দুইজন সাংবাদিক এবং এক পুলিশ কর্মকর্তা রয়েছেন।

হাসপাতাল ভবনের ভেতরে হতাহতদের পড়ে থাকার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে সহিংস গ্যাংদের নিয়ন্ত্রণে ছিল। তবে গত জুলাই মাসে সরকার এই এলাকা পুনরুদ্ধার করে।

হাইতির প্রেসিডেন্ট ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান লেসলি ভলতেয়ার এক ভিডিও বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস হত্যার পর থেকেই হাইতিতে গ্যাং সহিংসতা বাড়তে থাকে। রাজধানীর ৮৫ শতাংশ এখনো গ্যাংদের নিয়ন্ত্রণে রয়েছে। গত এপ্রিলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও সহিংসতা কমেনি। কেনিয়ার পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করেও গ্যাং সহিংসতা রোধ করা সম্ভব হয়নি।

এ ঘটনা হাইতির নিরাপত্তা সংকটের তীব্রতাকে আরও একবার সামনে এনেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই সংকট নিরসনের জন্য নতুন উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও