২১ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫২ পিএম

পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের কর্মবিরতি রোববার

পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের কর্মবিরতি রোববার
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: বেঁধে সময়ের মধ্যে (২১ ডিসেম্বর) ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশিত না হওয়ায় আগামীকাল রোববার (২২ ডিসেম্বর) থেকে সারাদেশে কর্মবিরতি পালন করবে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির (ডিএমজেএস) ব্যানারে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

আজ শনিবার (২১ ডিসেম্বর) রাতে এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিকে এ কথা জানানো হয়েছে। 

সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনারা ইতোমধ্যে অবগত আছেন ডাক্তারদের অধিকার আদায়ের প্রতিষ্ঠান ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি ও তার সহযোগী সংগঠন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন (পিপিটিডিএ) ২০২২ সাল থেকেই বেসরকারি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের যৌক্তিক দাবি ভাতা বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করে আসছে৷’

ডিএমজেএস’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন সরকারের কাছে প্রত্যাশা রেখে স্বাস্থ্যখাতের সকল স্টেকহোল্ডার যথাক্রমে বিসিপিএস, বিএসএমএমইউ, স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সচিব এবং সহকারী স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ সকলের সাথে দেখা করি এবং সবাই ভাতা বৃদ্ধির দাবি কে যৌক্তিক বলেন এবং দ্রুত বাস্তবায়ন করবেন বলে কথা দেন এবং ভাতা বৃদ্ধির প্রয়োজনীয় নথি  যথার্থ ধাপ পার করে অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়। দুঃখজনক ব্যাপার হলো, ভাতা বৃদ্ধির বিষয়টি অর্থ মন্ত্রনালয়ে নথিভুক্ত হয়ে পড়ে আছে। আমাদের প্রত্যাশা ক্রমে হতাশায় রূপান্তরিত হয় যখন নজরে আসে ভাতা বৃদ্ধির সেই গুরুত্বপূর্ণ নথিটি অর্থ ছাড়ের জন্য অনুমোদিত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌছেনি! যার প্রতিবাদ হিসেবে ১৪ ডিসেম্বর, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি এর নেতৃত্বে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয় এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটামও ঘোষিত হয়েছিল।’

এতে আরও বলা হয়, পর দিন ১৫ ডিসেম্বর ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস থেকে দুজন মুখপাত্র ডা. জাবির হোসেন এবং ডা. তানভীর আহমেদ, নাগরিক কমিটির পক্ষ থেকে ডা. আহাদ এবং ডা. আশরাফ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সারজিস আলমসহ অর্থ মন্ত্রণালয়ে মিটিং করা হয়। আশ্বস্ত করা হয় সেদিনই (১৫ ডিসেম্বর) এই নথিটি অনুমোদন দিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে পাঠানো হবে। আজ পর্যন্ত ভাতা বৃদ্ধির নথি স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো হয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

ডিএমজেএস জানায়, গত স্বৈরাচার সরকারও কথা দিয়ে পরবর্তীতে কথা রাখেনি। বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসক সমাজ আর আশ্বাসে বিশ্বাস করবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্বে সকল পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক বরাবরের মতো সকল নিয়মতান্ত্রিক ধাপ অতিক্রম করে চিকিৎসকদের অধিকার আদায়ে এবং যৌক্তিক দাবি বাস্তবায়নে রাজপথে নামতে বাধ্য হচ্ছে।

ডিএমজেএস জানায়, ‘২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ করা না হলে, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্বে আগামী ২২ ডিসেম্বর থেকে সারা বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকগণ কর্মবিরতি পালন করবে এবং পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের সাথে বৈষম্য দূর করতে এবং ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২২ ডিসেম্বর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত