পিএসসিতে নতুন ৫ সদস্য নিয়োগ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) নতুন করে আরও পাঁচ সদস্যকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
নতুন নিয়োগ পাওয়া সদস্যরা হলেন—ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জামাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, জহিরুল ইসলাম ভূইয়া, ড. চৌধুরী সায়মা ফেরদৌস এবং ড. এম সোহেল রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে দায়িত্ব নেয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে থাকবেন।
এর আগে, গত ১০ অক্টোবর পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং ৪ সদস্যকে পিএসসির নতুন কমিশনের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে ১৫ অক্টোবর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এনএএন/